ধর্ষণ মামলায় অভিযুক্ত পার্টেই ঘানার বিশ্বকাপ দলে

থমাস পার্টেইএএফপি

তাঁর মাথায় ঝুলছে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা। যে মামলায় যুক্তরাজ্যে বিচার কার্যক্রম শুরুর কথা রয়েছে। এর মধ্যেই ঘানার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন থমাস পার্টেই। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলা এই মিডফিল্ডারকে রেখে আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ঘানার প্রধান কোচ কার্লোস কুইরোজ।

৩২ বছর বয়সী পার্টেই ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত আর্সেনালে ছিলেন। গত বছরের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে তিনি দল ছাড়েন। আর্সেনাল চুক্তি নবায়নের চেষ্টা করলেও পার্টেই থাকেননি।

এর কয়েক দিন পর ৫ জুলাই পার্টেইয়ের বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি এবং যৌন নিপীড়নের একটি অভিযোগ আনা হয়। তবে গত সেপ্টেম্বরে আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের নতুন দুটি অভিযোগ আনা হয়। তখনো নিজেকে নির্দোষ দাবি করেন পার্টেই।

ধর্ষণের সাতটি এবং যৌন নিপীড়নের একটি অভিযোগের বিচার চলবে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। দ্য অ্যাতলেটিক জানিয়েছে,  প্রথমে নভেম্বরের দিকে বিচার কার্যক্রাম শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত যেতে পারে। বর্তমানে জামিনে থাকা পার্টেইকে ভ্রমণের জন্য আদালতের পূর্বানুমতি নিতে হবে।

অভিযোগের বিবরণ অনুযায়ী, প্রথম ছয়টি অভিযোগ ২০২১ ও ২০২২ সালের, যার সঙ্গে তিনজন নারী জড়িত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মেট্রোপলিটন পুলিশ প্রথম তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে চতুর্থ এক নারীর করা ২০২০ সালের পুরোনো একটি অভিযোগের ভিত্তিতে গত আগস্টে নতুন করে তদন্ত শুরু হয় এবং ফেব্রুয়ারিতে আরও দুটি অভিযোগ যুক্ত হয়।

তদন্ত ও আইনি জটিলতা চললেও আর্সেনালের হয়ে চুক্তি শেষ হওয়া পর্যন্ত খেলা চালিয়ে গেছেন পার্টেই। ২০২৪-২৫ মৌসুমে গানারদের হয়ে প্রিমিয়ার লিগে ৩৫টি ম্যাচ খেলেন তিনি। চলতি মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছেন ৩১টি ম্যাচ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্টেইয়ের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে বলেন, ‘থমাস পার্টেই তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। তিনি শুরু থেকেই পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে আসছেন। যেহেতু আইনি প্রক্রিয়া চলমান, তাই এই মুহূর্তে আমরা আর কোনো মন্তব্য করব না।’

আরও পড়ুন

পার্টেইয়ের জন্য বড় জটিলতা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসানীতি। মার্কিন সরকারের গাইডলাইন অনুযায়ী, ‘বিশ্বের যেকোনো স্থানে কেউ যদি কখনো গ্রেপ্তার, সতর্কবার্তা বা দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তবে ভিসার আবেদন করার সময় তা অবশ্যই ঘোষণা করতে হবে।’

ঘানা বিশ্বকাপের প্রাথমিক দলে পার্টেইসহ মোট ৫ জন মিডফিল্ডার, ৫ জন গোলকিপার, ১০ জন ডিফেন্ডার ও ৮ জন ফরোয়ার্ড আছেন। আগামী ১ জুনের মধ্যে ঘানাকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। এর আগে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে দলের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি পর্ব। চূড়ান্ত দল ঘোষণার ঠিক পরদিন, অর্থাৎ ২ জুন কার্ডিফে ওয়েলসের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ঘানা।

বিশ্বকাপে ঘানা ‘এল’ গ্রুপে পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।
আসন্ন বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ঘানার প্রতিপক্ষ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

ঘানার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং, সলোমন আগবাসি, পল রিভারসন।

ডিফেন্ডার: বাবা রহমান, গিদিয়ন মেনসাহ, মারভিন সেনায়া, আলিডু সাইডু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতেই, কোজো ওপং পেপ্রাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওয়াসু।

মিডফিল্ডার: থমাস পার্টেই, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকে, ক্যালেব ইয়েরেঙ্কি, আবদুল ফাতাউ ইসাহাকু।

ফরোয়ার্ড: কামালদিন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।

আরও পড়ুন