জমে উঠেছে রিয়াল–বার্সা লড়াই, আর্সেনালকে স্বস্তিতে রেখেছে সিটি

তিন ম্যাচ পর লিগে জয়ে ফিরল আর্সেনালএএফপি
মৌসুম যত এগোচ্ছে, ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগে উত্তেজনা তত বাড়ছে। লা লিগায় নাটকীয় জয়ে বার্সেলোনার ওপর চাপ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা কাটিয়ে আবারও শিরোপা দৌড়ে এগিয়েছে আর্সেনাল। সিরি ‘আ’তে নিরাপদ দূরত্বে এগিয়ে আছে ইন্টার মিলান। বুন্দেসলিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েও শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। আর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে জমে উঠেছে পিএসজি ও লাঁসের দ্বৈরথ।

লা লিগা

লা লিগায় গতকাল রোববার রাতে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে ২–১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর বার্সেলোনার সঙ্গে আগের মতোই ১ পয়েন্টের ব্যবধান তাদের।

২২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৫৪। আগের রাতে এলচেকে ৩–১ গোলে হারানো বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে ৫৫। এমন পরিস্থিতিতে সামনে সামান্য একটি ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে দুই দলের জন্যই।

ইংলিশ প্রিমিয়ার লিগ

টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। অন্যদিকে টটেনহামের সঙ্গে ২-২ ড্র করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের জয় আর সিটির ড্র—এই দুই মিলিয়ে পয়েন্ট টেবিলে আরও শক্ত অবস্থান গড়েছে গানাররা। ২৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৪৭। ৪৬ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে আছে অ্যাস্টন ভিলাও।

সিরি ‘আ’

সিরি ‘আ’তে শিরোপা পুনরুদ্ধারের পথে এগোচ্ছে ইন্টার মিলান। এই সপ্তাহে নিজেদের ম্যাচে জয়ের পর ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ২২ ম্যাচে ৪৭। সর্বশেষ ম্যাচে রোমার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মিলান। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে মিলানকে যেমন জয়ে ফিরতে হবে, তেমনি থাকতে হবে ইন্টারের পয়েন্ট হারানোর আশায়ও।

বুন্দেসলিগা

বুন্দেসলিগায় পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে অগসবুর্গের কাছে হারের পর শনিবার রাতে হামবুর্গের সঙ্গে ড্র। যদিও তাতে বড় কোনো ক্ষতি হয়নি দলটির। ২০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫১। সমান ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৪৫, যারা নিজেদের সর্বশেষ ম্যাচে হাইডেনহাইমকে হারিয়েছে ৩–২ গোলে।  

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে শিরোপা লড়াই এখন পিএসজি ও লাঁসের মধ্যে সীমাবদ্ধ। ২০ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪৮। গতকাল রাতে তারা স্ট্রাসবুর্গকে হারিয়েছে ২–১ গোলে। সমান ম্যাচে লাঁসের পয়েন্ট ৪৬। সর্বশেষ ম্যাচে তারা লে হাভ্রেকে হারিয়েছে ১–০ গোলে। পয়েন্টের ব্যবধান কম হওয়ায় এই লিগ সামনের দিনে দারুণ সব রোমাঞ্চ উপহার দিতে পারে।