‘বিশ্বকাপের জন্য হলেও আর্জেন্টিনা টিকে থাকুক’

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের ক্রীড়াঙ্গনেও উন্মাদনার কমতি নেই। প্রিয় দল, প্রিয় ফুটবলারদের নিয়ে সবারই আছে আবেগ আর প্রত্যাশা। আছে বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতিও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিশ্বকাপ-ভাবনা নিয়েই এই আয়োজন। আজ শুনুন বাংলাদেশ টেস্ট দলের পেসার খালেদ আহমেদের কথা—

খালেদ আহমেদ।প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

ব্রাজিলের খেলার দিন তো জার্সি পরে ছবি পোস্ট করেছেন…

খালেদ আহমেদ: বড় ভাইয়েরা ব্রাজিলের সমর্থক। ছোটবেলা থেকে আমিও তাই ব্রাজিলের সমর্থক। আর খেলা বোঝার পর ২০০২ সালের বিশ্বকাপই প্রথম দেখেছি। তখন ব্রাজিল চ্যাম্পিয়ন দল। রোনালদো, রিভালদো, কাফুদের খেলা খুব ভালো লাগত। এরপর থেকে দল একটাই—ব্রাজিল।

প্রশ্ন :

আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্কবিতর্ক হতো না?

খালেদ: তেমন না। কারণ, সিলেটের যে এলাকায় আমাদের বাড়ি, সেখানে প্রায় সবাই ব্রাজিলের সমর্থক। পুরাই ব্রাজিলপাড়া। তাই দুই দলে ভাগ হয়ে খেলা, দল নিয়ে তর্কাতর্কিও তেমন হতো না।

প্রশ্ন :

বিশ্বকাপ এলে তো জাতীয় দলের ক্রিকেটাররাও ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলে ভাগ হয়ে যায়…  

খালেদ: বিষয়টা ইন্টারেস্টিং। ক্রিকেটারদের কেউ ব্রাজিল, কেউ আবার আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপের সময় তাই আড্ডাটাও অন্য রকম হয়। ভালোই লাগে।

প্রশ্ন :

এই বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখেছেন?

খালেদ: পুরোটা দেখিনি, অনুশীলন ছিল। রাত জেগে পুরো ম্যাচ দেখা হয়নি। তবে দলের ওপর আস্থা ছিল। শেষ পর্যন্ত তো সহজেই জিতেছে।

প্রশ্ন :

এবার কি মনে হয়, ২০০২ ফেরাতে পারবে ব্রাজিল?

খালেদ: অবশ্যই। আশা করছি, এবার ট্রফিটা ব্রাজিলেই যাবে। পুরো দলটাকেই এবার শক্তিশালী মনে হচ্ছে। নেইমারের চোট একটা দুশ্চিন্তা। সে হয়তো গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবে না। সে ফিরে আসা পর্যন্ত বড় কোনো অঘটন না ঘটলেই হয়। নেইমার ফিরলে দলটাও আরও চাঙা হবে।

আরও পড়ুন

প্রশ্ন :

এখন পর্যন্ত বিশ্বকাপ দেখে কেমন লাগছে?

খালেদ: দারুণ। বিশ্বকাপে তো সবাই বড় দলের সমর্থন করে। কিন্তু ছোট দলগুলো ভালো করলে অন্য রকম ভালো লাগা কাজ করে। বড় নাম, বড় তারকাই যে সব, তা কিন্তু নয়। সে জন্যই হয়তো বিশ্বকাপের প্রতিটা খেলা দেখতে ভালো লাগছে। টিভিতে চোখ রাখলেই ৫-১০ মিনিট কখন চলে যায়, টের পাই না।

প্রশ্ন :

আর্জেন্টিনাকে কেমন দেখলেন?

খালেদ: আমি চাই, আর্জেন্টিনা থাকুক। মেসি আর তাঁর দল না থাকলে বিশ্বকাপে মজা থাকবে না। বিশ্বকাপের জন্য হলেও আর্জেন্টিনা টিকে থাকুক।