তোনালিই এখন ইতালির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়
সান্দ্রো তোনালির এসি মিলান থেকে নিউক্যাসল ইউনাইটেডে আসার মঞ্চটা তৈরি হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা। গতকাল সেই আনুষ্ঠানিকতাটুকুও সেরে ফেলেছে নিউক্যাসল। এসি মিলান থেকে পাঁচ বছরের চুক্তিতে নিউক্যাসলে যাচ্ছেন তোনালি। চ্যাম্পিয়নস লিগ সামনে রেখে নিউক্যাসল কোচ এডি হাউয়ের দল গঠনে প্রথম যোগ দিলেন এই মিডফিল্ডার।
আর ১ হাজার ১৫ মাইলের এই দূরত্ব অতিক্রম করে মিলান থেকে নিউক্যাসল আসার পথে তোনালি ভেঙে দিয়েছেন অতীতের সব রেকর্ড। ৬ কোটি ৪০ লাখ ইউরোতে ইংল্যান্ডে আসা তোনালিই এখন ইতালির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। এ তালিকায় তোনালি পেছনে ফেলেছেন জর্জিনিওকে। ২০১৮ সালে যিনি ৫ কোটি ৭০ লাখ ইউরোতে নাপোলি থেকে চেলসিতে গিয়েছিলেন।
২৩ বছর বয়সী তোনালিকে ইতালির ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে ভাবা হচ্ছে। ২০২১–২২ মৌসুমে মিলানের শিরোপা জয় এবং গত মৌসুমে মিলানের চ্যাম্পিয়নস লিগ সেমিতে খেলার পথে দারুণ ভূমিকা রেখেছিলেন তোনালি। নিউক্যাসলের ওয়েবসাইটে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘আমি মাঠে এর প্রতিদান দিতে চাই। নিজের সবকিছু উজাড় করে দেব। আমি সব সময় চেষ্টা করব। এখন সেন্ট জেমস পার্কে খেলার জন্য মুখিয়ে আছি। সমর্থকদের উত্তেজনা দেখতে তর সইছে না।’
তোনালিকে নিয়ে নিউক্যাসল কোচ হাউ বলেছেন, ‘সে অন্যন্য এক প্রতিভা এবং শারীরিক, মানসিক ও ট্যাকনিক্যালিও সে আমাদের দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। ইউরোপিয়ান লিগে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠার জন্য যে অভিজ্ঞতা দরকার, ২৩ বছর বয়সেই তোনালির তা আছে। পাশাপাশি তাঁর আমাদের সঙ্গে থেকে আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। রোমাঞ্চকর মৌসুম পেরিয়ে নতুন মৌসুমে তাঁকে দলে দেখার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।’
সিরি ‘আ’র ক্লাব ব্রেসিয়া দিয়েই ফুটবলে যাত্রা শুরু করেছিলেন তোনালি। সেখান থেকে ২০২০ সালে ধারে এসি মিলানে আসেন এই তরুণ ইতালিয়ান। এক মৌসুম পর মিলান তাঁকে পাকাপাকিভাবে কিনে নিয়েছিল। এরপর মিলানের হয়ে দারুণ পারফরম্যান্স দেখে ইউরোপের একাধিক ক্লাব তাঁর ব্যাপারে আগ্রহী হয়। শেষ পর্যন্ত নিউক্যাসল রেকর্ড বই এলোমেলো করে কিনে নিয়েছে তোনালিকে।
চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়াতেই এখন দলবদলে নতুন চ্যালেঞ্জে পড়েছে নিউক্যাসল। কার্যকর খেলোয়াড় এনে গত মৌসুমের পারফরম্যান্স ধরে রাখার বিষয়টিও আছে। সাফল্য পেতে দলে শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই মূলত মাঠে নেমেছে ক্লাবটি। যেখানে তারা তোনালির মতো সম্ভাবনাময় তরুণকে দলে ভিড়িয়েছে।
তোনালি মাঝমাঠ সামলানোর পাশাপাশি আক্রমণেও দারুণ অবদান রাখতে পারেন। ক্লাবের আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসের ওপর থেকে অনেক চাপও কমিয়ে দিতে পারবেন। এ মৌসুমে খেলোয়াড় কেনার ব্যাপারে হাও যে বিষয়গুলোর বিশেষ জোর দিচ্ছেন তার অন্যতম হলো বৈচিত্র্য। তোনালির মধ্যে সেই গুণ বেশ ভালোভাবেই আছে। এখন তিনি কেমন করবেন নিউক্যাসলের জার্সিতে, সেটিই দেখার বিষয়।
ইতালির সবচেয়ে দামি ১০ খেলোয়াড়
*ইউরো