নেইমারকে বিশ্বকাপে দেখতে ব্রাজিলের সংসদ সদস্যের তিন পৃষ্ঠার চিঠি
ব্রাজিলে ফুটবল তো স্রেফ একটা খেলা নয়, এ এক পরম আবেগের নাম। আর সেই আবেগের কেন্দ্রে যদি থাকেন নেইমার জুনিয়র, তবে আলোচনা মাঠ ছাড়িয়ে সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোই যেন স্বাভাবিক। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। তার ঠিক এক সপ্তাহ আগে নেইমারকে দলে রাখার দাবি তুললেন ব্রাজিলের এক সংসদ সদস্য।
ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন দেশটির ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)। তিন পাতার সেই চিঠিতে তাঁর দাবি—বিশ্বকাপে সান্তোস তারকা নেইমারকে দলে রাখা হোক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই চিঠির কথা জানিয়ে লোপেস লিখেছেন, নেইমার কেবল একজন খেলোয়াড় নন; তিনি সৃজনশীলতা আর লাখো ভক্তের আশার প্রতীক।
লোপেস অবশ্য চিঠিতে বিনয়ের সঙ্গেই জানিয়েছেন, দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা তাঁর উদ্দেশ্য নয়। কিন্তু তিনি মনে করেন, নেইমারকে দলে চাওয়াটা কোটি কোটি ব্রাজিলিয়ানের প্রাণের দাবি। নেইমার বর্তমানে খেলছেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু ২০১৩ সালের সেই চনমনে নেইমার আর ২০২৬-এর নেইমারের মধ্যে বিস্তর ফারাক। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর সেই মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলের জার্সিতে তাঁকে আর দেখা যায়নি।
মজার ব্যাপার হলো, নেইমারকে নিয়ে ব্রাজিলের সাধারণ মানুষের আবেগ এখন অনেকটা রাজনৈতিক মেরুকরণে বিভক্ত। দেশটির ফোলহা গ্রুপের গবেষণা ও জরিপ সংস্থা ‘দাতাফোলিয়া’র সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ৫৩ শতাংশ মানুষ নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান। তবে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের মধ্যে এই হার ৬২ শতাংশ, যেখানে বর্তমান প্রেসিডেন্ট লুলার সমর্থকদের মধ্যে তা ৪৬ শতাংশ। প্রসঙ্গত, জানিয়ে রাখা ভালো, ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন নেইমার।
নেইমার অবশ্য বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়েছেন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক দলে কোচ কার্লো আনচেলত্তি তাঁকে অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সান্তোসের জার্সিতে সর্বশেষ দু্ই ম্যাচে গোলও পেয়েছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার।
গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে আনচেলত্তির সঙ্গে তাঁর কথা হয়েছে। লুলা তখন বলেছিলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আনচেলত্তিই আমাকে জিজ্ঞাসা করেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?” আমি বললাম, দেখুন, সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তার সামর্থ্য তো অবশ্যই আছে।’
চোট ও ফিটনেস সমস্যায় দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে ৩৪ বছর বয়সী নেইমার। সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। আনচেলত্তি একাধিকবার বলেছেন, ফিট থাকলে নেইমার বিশ্বকাপ দলে ডাক পাবেন।