ফাইনালের আগে সতীর্থদের কেন সব ভুলতে বলেছিলেন মেসি, কী ঘটেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে

বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে লিওনেল মেসিএএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাসছে। সেখানে ফাইনালের আগে সতীর্থদের প্রতি লিওনেল মেসির কথা শুনে একটু খটকা লাগে। ঠিক কী ঘটেছে, তা নিয়ে এখন আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন করেছে। প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেওয়া মেসি কেন ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের সবকিছু ভুলে যেতে বললেন?

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা অধিনায়ক ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলছেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’ এ পর্যন্ত সব ঠিকই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে মেসির পরের কথাগুলো, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’

ভিডিওতে দেখা গেছে, ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় মেসির সতীর্থরা সবাই শান্তই ছিলেন। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে এনজো ফার্নান্দেজ-এমিলিয়ানো মার্তিনেজদের ঠিক কী ভুলে যাওয়ার কথা বলেন মেসি?

৩৯ বছর বয়সী এই ফুটবলার কী ইঙ্গিত করছিলেন, তা পরিষ্কার না হলেও ফাইনালের আগে সমালোচনার মুখে পড়েছিল আর্জেন্টিনা দল। প্রতিপক্ষ স্পেনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রেফারিংয়ে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন

ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোয় রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায় এসব কখনোই অনুমোদন করা উচিত নয়। কারণ, এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়।’

ফাইনালে হারের পর লিওনেল মেসি
এএফপি

নিউ জার্সির ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতল স্পেন। ম্যাচে রেফারিং কোনো বিতর্ক না হলেও শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে। এ অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার জেরে তদন্তে নেমেছে ফিফা।

আরও পড়ুন