মায়ামিতে কি এবার মেসি–কাসেমিরো জুটি
মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন কাসেমিরো। গত জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা কাসেমিরোর চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনেই। ইউনাইটেড অবশ্য কাসেমিরোকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
কাসেমিরোর ইউনাইটেড ছাড়ার খবর সামনে আসার পর থেকেই তাঁর নতুন গন্তব্য নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এর মধ্যে সাবেক এই রিয়াল তারকার নতুন গন্তব্য নিয়ে চমকপ্রদ খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
তাদের খবর অনুযায়ী ৩৪ বছর বয়সী কাসেমিরোর গন্তব্য হতে পারে মেজর লিগ সকার (এমএলএস), যেখানে ইন্টার মায়ামিতে তিনি জুটি বাঁধতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে। এএসের দাবি, ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানে আছেন কাসেমিরো নিজেও।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির তথ্যানুযায়ী, কাসেমিরোর জন্য আর্থিকভাবে আকর্ষণীয় প্রস্তাব এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর থেকেও। এ ছাড়া রিয়ালে রোনালদোর সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতাও আছে তাঁর।
তবে কাসেমিরো হয়তো শেষ পর্যন্ত মায়ামিকেই বেছে নেবেন। কারণ, সম্প্রতি তিনি মায়ামিতে একটি বাড়ি কিনেছেন, যা তাঁর এমএলএসে যাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। অন্য দিকে মায়ামি তাঁকে দিয়ে সের্হিও বুসকেতসের শূন্যস্থান পূরণ করতে চায়।
রিয়াল থেকে আসার পর ইউনাইটেডের মিডফিল্ডে ভরসা হয়ে উঠেছেন কাসেমিরো। ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত একটি এফএ কাপ ও একটি লিগ কাপ জিতেছেন তিনি। ইউনাইটেড অধ্যায় শেষ করে সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার পরবর্তী গন্তব্য হিসেবে মায়ামিকে বেছে নেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।