মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি

মিসরের বিপক্ষে এক অ্যাসিস্ট ও এক গোল করেন লিওনেল মেসিরয়টার্স

৩৯ বছর বয়সে একজন ফুটবলারের কাছ থেকে বিশ্বমঞ্চে কী আশা করা যায়? সাধারণ ফুটবলীয় ব্যাকরণ বলে, ক্যারিয়ারের সায়াহ্নে এসে গতি কমে যাওয়ার কথা, মরচে পড়ার কথা চেনা ধারে। কিন্তু তিনি তো লিওনেল মেসি!

৩৯ বছর বয়সেও যিনি প্রতিপক্ষের রক্ষণকে একাই তছনছ করে দিতে পারেন। মেসির এমন অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা দেখে মোটেও অবাক হননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই তাঁর সহজ-সরল উপলব্ধি—মেসি যত দিন খেলবেন, তত দিন তিনিই থাকবেন বিশ্বের সেরা ফুটবলার।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে স্কালোনি মেতে উঠলেন তাঁর অধিনায়কের বন্দনায়।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি পদক্ষেপে বড় ভূমিকা রাখছেন মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল দল।

সেখান থেকে মাত্র ১১ মিনিটে ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে আনে আর্জেন্টিনা। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা মেসি নিজে ১ গোল করার পাশাপাশি অন্য গোলটি করিয়েছিলেন ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে।

আরও পড়ুন

অথচ গত মাসে ৩৯ বছরে পা দেওয়া ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের ফিটনেস নিয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিল নানা সংশয়। পেশির চোট থেকে মাত্রই সেরে উঠে দলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাঠে নামতেই সব শঙ্কা কর্পূরের মতো উড়ে গেছে।

স্কালোনি মেসির ফিটনেস নিয়ে বললেন, ‘লিও প্রতি ম্যাচে কমবেশি একই রকম দৌড়াচ্ছে। শারীরিকভাবে ও নিজের ফিটনেস কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে এবং সেটার ফলও পাচ্ছে। তবে পরিসংখ্যানের দিক থেকে ও খুব বেশি বদলেছে কি না, তা আমার জানা নেই। একটা বিষয় পরিষ্কার, ও নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। আর ও যখন মাঠে নিজের সেরাটা ঢেলে দেয় এবং বুঝতে পারে যে সে সুযোগ তৈরি করতে পারছে, তখন ও একটা যন্ত্রের মতো কাজ করে।’

সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি
এএফপি

অনেকেই ভেবেছিলেন, বয়সের ভারে মেসি হয়তো এবার নুয়ে পড়বেন। স্কালোনির মতে, যাঁরা এমনটা ভাবেন, তাঁরা আসলে মেসিকে ভালো করে চেনেনই না, ‘মেসির এই ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে ও এই স্তরে খেলতে পারবে না। তবে আমি কতবার যে এই কথা বলেছি! ও যত দিন চাইবে, তত দিনই ও সেরা হয়ে থাকবে। আমি ওর কোচ বলে এ কথা বলছি না; বরং আমি মনেপ্রাণে এটা বিশ্বাস করি।’

কোয়ার্টার ফাইনাল ম্যাচটি লিওনেল মেসির জন্য এক চেনা আঙিনায় ফেরা। এই অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি; দল জিতেছিল ৩-০ ব্যবধানে। বর্তমানে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে ২১ গোল করে তিনি এখন এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

মেসি প্রতিদিন যেভাবে নিজেকে উজাড় করে অনুশীলন করেন, তা দেখে স্কালোনি রোমাঞ্চিত। তাঁর কথা, ‘আমরা যারা তাকে প্রতিদিন অনুশীলন করতে দেখি, যারা তাকে আজকেও এসব করতে দেখছি, তারা কল্পনাও করতে পারব না যে ২৩ বছর বয়সে বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে সে কেমন ছিল!’

আরও পড়ুন