রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ারবাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু রাতারাতি পাল্টে ফেলতে চান না ঋতুপর্ণা চাকমাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে প্রধান কোচ পিটার বাটলারের কৌশলের ধারাতেই দলকে গুছিয়ে রাখতে আগ্রহী অন্তর্বর্তীকালীন এই ফরাসি কোচ।

বাংলাদেশের মেয়েরা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ২১ সেপ্টেম্বর জাপানে এশিয়ান গেমসে, মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে এশিয়াডে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে ১৬ গোল খাওয়ার অভিজ্ঞতা সুখকর ছিল না।

আগামী ডিসেম্বর পর্যন্ত পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি থাকলেও হঠাৎ ক্যানসারে আক্রান্ত হয়ে এ মাসের শুরুর দিকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ইংল্যান্ডে যান তিনি। তাঁর অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য মেয়ারকে দায়িত্ব দেওয়া হয়। চট্টগ্রামে সপ্তাহ দুয়েকের কন্ডিশনিং ক্যাম্প শেষে দলটি এখন ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করছে।

সিঙ্গাপুর সফর নিয়ে আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে মেয়ার বলেন, ‘আমি মাত্র দুই সপ্তাহ ধরে মেয়েদের সঙ্গে অনুশীলন করছি, তাই সবকিছু রাতারাতি পরিবর্তন করতে চাচ্ছি না। আমরা দলকে যেভাবে খেলাচ্ছি এবং গুছিয়ে নিচ্ছি, পিটার যা করছিলেন প্রায় তেমনই। খেলোয়াড়দের চিনতে আমার দুই সপ্তাহ সময় লেগেছে। সবকিছু বদলে দিলে সেটা ন্যায্য হতো না।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৬–এ, সিঙ্গাপুর ১৩৯–এ। দুটি ম্যাচই জেতার কথা বাংলাদেশের। তবে মেয়ার বেশ সতর্ক, ‘সিঙ্গাপুর বেশ শক্তিশালী দল। তাদের দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড থেকে আসা প্রবাসী খেলোয়াড় আছে, কোচও নতুন। তাই মোটেও সহজ ম্যাচ হবে না। তবে আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় আছে, আমরা ম্যাচ দুটি জেতার সর্বোচ্চ চেষ্টা করব।’

গত দুই বছরে মেয়েরা দারুণ ফল এনেছেন বলে মন্তব্য করেছেন মেয়ার, তবে তথ্য তা বলে না। এ বছরই ভারতের মাটিতে সাফ শিরোপা খুইয়ে এসেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে হেরেছে ১০ গোলে। তবু নতুন কোচের কণ্ঠে প্রশংসা, ‘মাঠে ওরা যথেষ্ট মানসম্পন্ন। মেয়েরা অনুশীলন সেশনগুলো খুব উপভোগ করছে।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন এরিক মেয়ার
বাফুফে

মেয়ার আফ্রিকায় কাজ করেছেন। আফ্রিকার সঙ্গে তুলনা টেনে বলেন, ‘সত্যি বলতে, আফ্রিকার মেয়েরা শারীরিকভাবে বেশি শক্তিশালী ও লম্বা। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের আসল গুণ টেকনিক্যাল দক্ষতা। বলের ওপর নিয়ন্ত্রণ ও দক্ষতা শীর্ষ মানের। ওরা দ্রুতগতির এবং প্রচুর দৌড়াতে পারে। তাই কৌশলগতভাবে আমরা ওদের এই গুণমানকে কাজে লাগাই।’

তবে মেয়ারকে নিয়ে খোলামেলাভাবে নিজের অসন্তোষ জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার। সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত হয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো একদম হায়ার অথরিটি না। আমারও হায়ার অথরিটি আছে। সো প্লিজ আপনারা তাঁর সাথে কথা বলতে পারেন। আমি আমার মতামত দিয়েছিলাম যে এই কোচ অবশ্যই আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের জন্য হতে পারে না।’

নতুন কোচের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারছেন? সংবাদ সম্মেলনে অধিনায়ক মারিয়া মান্দার উত্তর, ‘খেলোয়াড় হিসেবে আমাদের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। একেক কোচের অনুশীলনের ধরন একেক রকম হয়। সবকিছু তো আর এক হবে না। কোচ আমাদের যে কৌশলই দেখান না কেন, তা রপ্ত করেই আমরা মাঠে নামব। সিঙ্গাপুর অনেক ভালো দল। তাদের সঙ্গে লড়াই করলে আমরা নিজেদের ঘাটতিগুলো বুঝতে পারব।’

সংবাদ সম্মেলনে অধিনায়ক মারিয়া মান্দা
বাফুফে

সিঙ্গাপুরের প্রবাসী খেলোয়াড়দের নিয়েও কথা বলেন মারিয়া, ‘বিপক্ষ দলের খেলোয়াড়েরা সব সময়ই শক্তিশালী থাকে। যেহেতু ওদের দলে প্রবাসী খেলোয়াড় আছে, তাই ওরা শক্তিশালী হবেই। আমরা ধরেই নিচ্ছি, ওরা কঠিন প্রতিপক্ষ এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েই আমরা লড়াই করতে যাচ্ছি।’

বাটলার প্রায়ই বাংলাদেশের খেলোয়াড়দের খেলার প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলতেন। মারিয়া তা উড়িয়ে দেন, ‘খেলোয়াড় হিসেবে আমি এই কথার সঙ্গে একমত নই। কারণ, আমরা সব সময়ই মাঠে আমাদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। কেউ চোটে থাকলে হয়তো খেলায় কিছুটা ছন্দপতন হতে পারে। কিন্তু আমরা যখন ফিট থাকি, সব সময়ই ভালো খেলি। মাঠে ইচ্ছাকৃতভাবে খারাপ খেলার মতো কিছু হয় না। আর বাইরের কোনো কিছু আমরা খেলার সময় মাথায় রাখি না।’

তবে বাটলারকে মিস করবেন বলে জানান মারিয়া, ‘স্যার অনেক দিন ধরে আমাদের সঙ্গে অনুশীলনে যুক্ত ছিলেন, আমাদের অনুশীলন করিয়েছেন। এখন অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে নেই। যেহেতু তিনি দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন, তাই আমরা অবশ্যই তাঁকে মিস করব।’

দলে একেবারেই নতুন মুখ হিসেবে গোলরক্ষক হুমায়রা আক্তার ও ডিফেন্ডার আইরিন জুনিয়র। ফিরেছেন আলপি, শিখা, প্রীতি ও স্বপ্না।

মেয়েদেরকে ধারাবাহিকভাবে খেলার মধ্যে রাখতেই সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে বলে জানান মাহফুজা আক্তার। ২৯ নভেম্বর দল যাবে সিঙ্গাপুরে।

আরও পড়ুন