‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম’: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম হ্যান্ডল

একজনের জায়গায় অন্যজন থাকলে কী করতেন, তা বলা কঠিন। তবে জোসে মরিনিওর উত্তরটা একেবারেই পরিষ্কার। ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে তিনি নাকি এত দিনে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন!

যে দেশে সম্মান পাওয়া যায়, সেখানেই খেলতে চাইতেন। কিন্তু ভিনিসিয়ুস তা করেননি। আর এ কারণেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মানসিক দৃঢ়তার প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ।

রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে এ কথা বলেন মরিনিও। ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ভিনিসিয়ুস। তাই সেভিয়ার বিপক্ষে তাঁকে পাচ্ছে না রিয়াল।

মাঠের বাইরের এই ঝামেলার সঙ্গে মাঠের পারফরম্যান্স নিয়েও সমালোচনা সইতে হচ্ছে ভিনিসিয়ুসকে। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে ৫৯ মিনিটে তাঁকে তুলে এনদ্রিককে নামান মরিনিও। এতে দৃশ্যত ক্ষুব্ধ হন ভিনিসিয়ুস। পরে অবশ্য ব্যাখ্যা দেন, তাঁর রাগ কোচের ওপর ছিল না। নিজের পারফরম্যান্সে হতাশ হয়েই এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

এর সঙ্গে যোগ হয়েছে রিয়াল সমর্থকদের দুয়ো। সব মিলিয়ে ভিনিসিয়ুসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

রিয়াল কোচ জোসে মরিনিও
এএফপি

এমন কঠিন সময়ে শিষ্যের পাশে দাঁড়িয়ে মরিনিও বলেন, ‘সে অসাধারণ একজন তরুণ। তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা সহজ। প্রতিদিনই তার সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলি। আমি তাকে অনেক মূল্য দিই। কারণ, এত কিছুর পরও সে নিজের জীবন স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে এবং হাসিমুখে সবকিছুর মোকাবিলা করছে।’

আরও পড়ুন

এরপরই নিজের সঙ্গে ভিনিসিয়ুসের তুলনা টানেন মরিনিও, ‘আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে হয়তো এখানে থাকতাম না। যে দেশে আমাকে সম্মান করা হয়, সেখানে যাওয়ার জন্য ক্লাবকে আমাকে ছেড়ে দিতে বাধ্য করতাম। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এবং ক্লাবটির সঙ্গে তার আত্মিক সম্পর্কের কারণেই সে থেকে গেছে।’

ভিনিসিয়ুসের এই লড়াই চালিয়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন মরিনিও, ‘সে বিশ্বাস করে, পরিস্থিতির উন্নতি হতে পারে। এ কারণেই সে হাসিমুখে সবকিছুর মোকাবিলা করে যাচ্ছে। কোনো কিছুই, কোনো মানুষই তার সেই হাসি কেড়ে নিতে পারবে না।’

চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়েও মরিনিওর মুখে স্বস্তির কথা, ‘এই শাস্তিতে আমি খুশি। কারণ, আমার ধারণা ছিল, তাকে আরও বেশি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। পর্দার আড়ালে কিছু বিষয় যেভাবে এগোচ্ছিল, তাতে তার শাস্তি আরও এক বা দুই ম্যাচ বাড়তে পারে বলে মনে হয়েছিল।’

ভিনিসিয়ুসের জন্য আপাতত স্বস্তি একটাই। চারপাশে যত সমালোচনাই হোক, কোচকে অন্তত পাশে পাচ্ছেন।

আরও পড়ুন