কিংসের প্রথম প্রতিপক্ষ শারজা এফসি

শারজা এএফসির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ বসুন্ধরা কিংসফাইল ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সর্বোচ্চ স্তরের ক্লাব প্রতিযোগিতা হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগ প্রবর্তনের পর বাংলাদেশের কোনো ক্লাব এ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি। এবারই প্রথমবারের মতো বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট বাংলাদেশের চ্যাম্পিয়ন দল খেলবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে। এশিয়ান ফুটবল কনফেডারেশনস (এএফসি) আজ চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক ও প্লে–অফ পর্বের সূচি প্রকাশ করেছে।

এএফসি প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান পশ্চিম জোনে। বসুন্ধরাকে সেখানে প্রাথমিক রাউন্ডে খেলতে হবে। শারজা এফসির বিপক্ষে বসুন্ধরার ম্যাচটি হবে আমিরাতের মাটিতেই। ক্লাব র‍্যাঙ্কিংয়ে শারজার চেয়ে পিছিয়ে থাকায় এএফসির নিয়মানুযায়ী বসুন্ধরা দেশের মাটিতে (হোম) কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না। ১৫ আগস্ট শারজার বিপক্ষে জিতলে বসুন্ধরার সামনে পড়বে এশিয়ার শীর্ষ দেশ ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি। ম্যাচটি প্লে–অফ রাউন্ডের। এই দুটি ম্যাচ জিতলে বসুন্ধরা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নেবে। কাজটা খুবই কঠিন সন্দেহ নেই।

বসুন্ধরার প্রতিদ্বন্দ্বী ক্লাব শারজা এফসি খুবই শক্তিশালী দল
ছবি: এএফপি

শারজা এফসি আমিরাত প্রো লিগে ২০২২–২৩ মৌসুমে শিরোপা জিতেছে। দলটি আরব আমিরাতের অন্যতম শক্তিধর ক্লাব হিসেবেই পরিচিত। চ্যাম্পিয়নস লিগেও ২০০৪ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা। ২০১৬ সালে খেলেছিল শেষ ষোলোতে। ২০২০ ও ২০২২ সালে তারা বিদায় নেয় প্রথম রাউন্ড থেকেই। শারজা এশিয়ার শীর্ষ পর্যায়ের ক্লাব টুর্নামেন্টে প্রথম খেলেছিল ১৯৮৯ সালে। তখন এই টুর্নামেন্টের নাম ছিল এশিয়ান ক্লাব কাপ ফুটবল।

এশিয়ান ক্লাব কাপে দুইবার সেমিফাইনাল রাউন্ডে খেলার রেকর্ড আছে বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ১৯৮৮ ও ১৯৯১ সালে এশিয়ার শীর্ষ ক্লাবগুলোর একটি হয়ে এশিয়ান ক্লাব কাপে খেলেছিল তারা।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এশিয়ার শীর্ষ স্তরের ক্লাব প্রতিযোগিতা
ছবি: এএফসি

চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলে বসুন্ধরা কিংসের সামনে অবশ্য এএফসি কাপে খেলার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তারা এএফসি কাপের মূল পর্বেই খেলবে।

এএফসি কাপে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেড খেলবে। তারা প্লে–অফ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে। ম্যাচটি হবে ২২ আগস্ট। আবাহনী ২০১৯ সালে এএফসি কাপের সেমিফাইনাল রাউন্ডে খেলেছিল।