এবার ব্রাদার্সের খেলা পেছাল বাফুফে, তিনটার ম্যাচ খেলতে মুন্সিগঞ্জে এখনো যায়নি আবাহনী

বাফুফে ভবনপ্রথম আলো

গত কয়েক বছর ঘরোয়া ফুটবলের সূচি হঠাৎ বদলের সংস্কৃতি থেকে অনেকটা বেরিয়ে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এবার আবার শুরু হয়েছে সেই পুরোনো সংস্কৃতি।

মোহামেডানের আবেদনের ভিত্তিতে গত পরশু তাদের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পেছানোয় আবাহনী ও ব্রাদার্স তাদের খেলা পেছাতে আবেদন করে। দুই দলেরই আজ ফেডারেশন কাপের প্রথম দিনে ম্যাচ ছিল সূচিতে।

আজ সকাল সোয়া ১০টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটি আজ হবে না। মানিকগঞ্জে আজ বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। আগামীকাল একই ভেন্যুতে ম্যাচটি হবে বলে জানায় বাফুফে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি বাফুফে। আবাহনীর ম্যাচ মুন্সিগঞ্জে বেলা তিনটায়, নবাগত চট্টগ্রাম সিটির সঙ্গে। বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর ম্যানেজার শহীদ হোসেন স্বপন প্রথম আলোকে বলেন, ‘ব্রাদার্সের খেলাও পিছিয়েছে। তবে আমাদের খেলা পেছানোর ব্যাপারে বাফুফে এখনো কোনো কিছু জানায়নি। আমরা এখন পর্যন্ত ক্লাবেই আছি। মুন্সিগঞ্জে এখনো যাইনি আমরা।’

প্রস্তুতির ঘাটতি নিয়েই ১৮ ও ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছে আবাহনীসহ অন্য দলগুলো। নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত। কোনো ক্লাব আবেদন করলেই তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। এখন তাহলে আমাদের ম্যাচও পেছাতে হবে।
আবাহনী লিমিটেডের ম্যানেজার শহীদ হোসেন স্বপন

মোহামেডানের অনুরোধে বাংলাদেশ লিগে তাদের প্রথম রাউন্ডের ম্যাচ ও ফেডারেশন কাপে প্রথম ম্যাচ পরশু পিছিয়ে দেয় বাফুফে। ১৩ দলের লিগে এমনিতেই প্রথম রাউন্ডে বিরতি পেয়েছিল মোহামেডান। আগের সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর লিগে দ্বিতীয় রাউন্ডে মোহামেডানের প্রথম ম্যাচ রাখা হয় চাঁদপুরে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। তবে জাতীয় দলের খেলোয়াড় না পাওয়া এবং প্রস্তুতির অভাব দেখিয়ে ম্যাচ পেছানোর আবেদন করে ক্লাবটি।

আরও পড়ুন

বাফুফে সেই অনুরোধ রেখে মোহামেডানের ২৫ সেপ্টেম্বরের লিগ ম্যাচটি পিছিয়ে ২ অক্টোবর এবং ২৯ সেপ্টেম্বর ফেডারেশন কাপের ম্যাচ (আরামবাগের বিপক্ষে) পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করে গতকাল মোহামেডানকে চিঠি দেয়।

মোহামেডান ক্লাব
প্রথম আলো

একটি ক্লাবের আবেদনে ম্যাচ পিছিয়ে দেওয়ার এ সিদ্ধান্তে ক্ষুব্ধ আবাহনী লিমিটেডের ম্যানেজার স্বপন বলেন, ‘প্রস্তুতির ঘাটতি নিয়েই ১৮ ও ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছে আবাহনীসহ অন্য দলগুলো। নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত। কোনো ক্লাব আবেদন করলেই তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। এখন তাহলে আমাদের ম্যাচও পেছাতে হবে।’

আরও পড়ুন