বিশ্বকাপের আগে আবারও নেইমারের চোট
একের পর এক চোটের কারণে তাঁর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা। দমবন্ধ উত্তেজনার পর কার্লো আনচেলত্তির দলে জায়গা মিললেও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটছে না।
আবারও চোটে পড়েছেন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁর।
নেইমার সর্বশেষ চোটে পড়েছেন গত রোববার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে নেইমার বিষয়টি বুঝতে না পেরে আবারও মাঠে ঢুকে পড়েন। বদলি খেলোয়াড়ের বোর্ড নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছে দাবি করে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।
ব্রাজিলের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব।
তিনি জানিয়েছেন, নেইমারের ডান পায়ের কাফে দুই মিলিমিটারের একটি ‘এডিমা’ বা হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে নেইমারের কোনো সমস্যা হবে না।
এই চোট নেইমারের বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলে আশ্বস্ত করেছেন জোগাইবও। ২৭ মে থেকে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু করার কথা রয়েছে নেইমারের।
ব্রাজিলিয়ান স্পোর্টস নেটওয়ার্ক ‘জিই’ কে জোগাইব বলেন, ‘নেইমারের কাফে সামান্য চোট রয়েছে, সেখানে একটু এডিমা (ফোলা) আছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, তাঁর পুনর্বাসন যেভাবে এগোচ্ছে, তাতে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার সময় তিনি পুরোপুরি ফিট থাকবেন।’
বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টার’–এ নিজের ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসকেরাও তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ আনচেলত্তি। এর দুদিন পরই নেইমারের চোটের খবর সামনে এল। এটি হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের সূত্রের বরাতে জানিয়েছে, চূড়ান্ত দল ঘোষণার কয়েক ঘণ্টা আগে নেইমারের চোটের এই ঘটনা আনচেলত্তির কোচিং স্টাফদের বেশ চিন্তায় ফেলে দিয়েছিল।
তাঁদের ভয় ছিল, এই চোটের কারণে হয়তো নেইমারের প্রাথমিক অনুশীলন সূচি ব্যাহত হতে পারে এবং ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে। তবে তেমন কোনো ক্ষতি হবে না নিশ্চিত হওয়ার পর আনচেলত্তি নেইমারকে রেখে স্কোয়াড ঘোষণা করেন।
চোটের কারণে বুধবার কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে খেলেননি নেইমার। শনিবার ব্রাজিলের লিগ ম্যাচে গ্রেমিও এবং মঙ্গলবার সুদামেরিকানার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষেও তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই।