কমলাপুরের টার্ফ নিয়ে বিদেশিদেরও অভিযোগ
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ নিয়ে ঘরোয়া ক্লাবগুলোর বিস্তর অভিযোগ। টার্ফের সবুজ আস্তরণের নিচে বড় বড় নুড়ি পাথর। ফুটবলারদের এই মাঠে খেলা বিপজ্জনক। এবার একই অভিযোগ বিদেশিদেরও।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উত্তর বারিধারা ক্লাব তো এ মাঠে হওয়া ২০২১ সালের ফেডারেশন কাপেই অংশ নেয়নি খেলোয়াড়দের চোটে পড়ার শঙ্কায়। এই টার্ফে খেলে চোটে পড়ে এক মৌসুমের জন্য ছিটকে গিয়েছিলেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ।
এই মাঠে খেলেই লিগামেন্ট ছিড়ে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজকে মাঠের বাইরে চলে যেতে হয়েছে প্রায় দেড় বছরের জন্য। গত মৌসুমে আবাহনীর হয়ে টানা দুটি টুর্নামেন্ট এই মাঠে খেলে চোটে পড়েন দরিয়েলতন গোমেজ।
ঢাকায় চলমান অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে কমলাপুর স্টেডিয়ামে খেলে এবার চোটে পড়েছেন ভুটানের প্রধান গোলরক্ষক নরবু জাংমো। তাঁর পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া হাটুর চোটে পড়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নেপালের গুরুত্বপূর্ণ ফুটবলার কুসুম খাতিওয়ারা।
কমলাপুরের টার্ফ নিয়ে প্রশ্ন তুলেছেন নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরং ও ভুটানের কোচ কারমা দেমা। নেপালের কাছে ৪-০ গোলে হারের পর আজ সংবাদ সম্মেলনে ভুটানের কোচ বলেন, ‘প্রথম ম্যাচে খেলার পর আমার প্রথম পছন্দের গোলরক্ষক ও দুই সেন্টারব্যাক চোটে পড়ে। আজও একজন ডিফেন্ডার চোটে পড়ল। আমাদের টার্ফের সঙ্গে তুলনা করলে এখানকার টার্ফ খুবই বাজে। এই ধরনের মাঠে আমরা প্রথম খেলছি। আমার মেয়েদের প্রায় সবারই চোট লেগেছে পায়ে। আমার দলের একজনের তো পা ভেঙেই গেছে। এখানকার টার্ফ খুব বাজে। এমন মাঠে খেলা অসম্ভব।’
নেপালের টার্ফে খেলে অভ্যস্ত ফুটবলাররা কমলাপুরে মানিয়ে নিতে পারছেন না নিজেদের। সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ নেপালি কোচ ইয়াম প্রসাদ বলছিলেন, ‘এই মাঠে আমাদের খেলোয়াড়েরা সেরাটা দিতে পারেনি। আগেও বলেছি বল আর টার্ফ নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। নেপালের আর আমাদের টার্ফ পুরোপুরি আলাদা। এখানে খেলে প্রথম ম্যাচেই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কুসুম হাটুর চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছে। এখানকার টার্ফটা অনেক শক্ত। এখানে খেললে মাংসপেশীতে চোট ও হাটুর চোটের সম্ভাবনা বেশি থাকে।’
২০১৫ সালে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর পর থেকেই এ নিয়ে অভিযোগ। মাঠ নিয়ে সমস্যার কথা স্বীকার করেছেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারও, ‘আমি এটা নিয়ে সভাপতির (বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন) সঙ্গে কথা বলব। এই মাঠে সমস্যা আছে সেটা সবাই জানে। আমাদের কিছু করার নেই। যতক্ষণ পর্যন্ত না এটার পুরোপুরি সমাধান হচ্ছে ততক্ষণ এই টার্ফ সংস্কার করেই খেলতে হবে।’