সেরা খেলোয়াড়ের পুরস্কার এমবাপ্পের প্রাপ্য ছিল
৭টি গোল করেছেন, ৩টি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন—সব মিলিয়ে আর্জেন্টাইনদের ৩৬ বছরের শিরোপা–খরা ঘুচেছে তাঁর পায়ের জাদুতেই। ক্যারিয়ারের বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিতে চুমো তো এঁকেছেনই, লিওনেল মেসি জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও। তবে এ পুরস্কার নিয়ে দ্বিমত আছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওর। তাঁর মতে, এবারের বিশ্বকাপের গোল্ডেন বল প্রাপ্য ছিল কিলিয়ান এমবাপ্পের।
রানার্সআপ ফ্রান্সের ফরোয়ার্ড ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। ফ্রান্সকে রানার্সআপ করতে ২টি গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে। ফাইনালের কথাই ধরুন, মেসি ও আনহেল দি মারিয়ার গোলে ৩৬ মিনিটের মধ্যেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮০ মিনিট পর্যন্ত ম্যাচে এভাবেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। যখন মনে হচ্ছিল, একপেশে এক ফাইনালই হতে যাচ্ছে, এমবাপ্পে যেন বলতে চাইলেন, আমি তো আছি!
৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরালেন এমবাপ্পে। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মেসির ১০৮ মিনিটের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান এমবাপ্পে। জিওফ হার্স্টের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের কীর্তি গড়ার পর টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন তিনি। কিন্তু এরপরও তাঁর জেতা হয়নি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ১৯৮২ সালে পুরস্কারটি চালু করার পর প্রথম খেলোয়াড় হিসেবে দুবার পুরস্কারটি জিতলেন মেসি (২০১৪ ও ২০২২)।
ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জেতা রোনালদো বলেছেন, ‘আমাকে বেশি মুগ্ধ করেছে কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত একটা বিশ্বকাপই কেটেছে তার, প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত। এমনকি সে যে ম্যাচে গোল করেনি, সেগুলোতেও ভালো খেলেছে।’
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদো এরপর যোগ করেছেন, ‘ফাইনালে তো সে অসাধারণ খেলেছে। ৪টি গোল করেছে। আমি টাইব্রেকারের গোলটিও হিসাবে নেব। সে সবার ওপরে ছিল। সে বলতে গেলে অপ্রতিরোধ্য। তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া উচিত ছিল। কারণ, সব দিক থেকেই এটা তার প্রাপ্য।’