২১ কোটি মার্কিন ডলারের রোনালদোকে নেওয়া যেত ৪৮ লাখ ডলারে
ক্রিস্টিয়ানো রোনালদোর দলদবদলের আলোচনা যেন শেষই হচ্ছে না। গত গ্রীষ্মে দলবদলের কার্যক্রম শুরুর পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ার কথা জানান পর্তুগিজ তারকা। এর পর থেকেই শুরু হয় বিরামহীন এক নাটকের। সেই নাটকে যবনিকা পড়ে রোনালদোর আল নাসরে যোগ দেওয়ার মধ্য দিয়ে। তবে এই নাটক শেষ হলেও শেষ হয়নি এর রেশ।
দ্য অ্যাথলেটিক বলছে, যে রোনালদোকে সৌদি ক্লাবটি বছরপ্রতি ২১ কোটি মার্কিন ডলার দিচ্ছে; তাঁকে গ্রীষ্মের দলবদলে ‘মাত্র’ ৪৮ লাখ ডলারের কিছু বেশি দিয়ে নিয়ে আসার সুযোগ ছিল ইউরোপিয়ান ক্লাবগুলোর। তবে এত কম মূল্যেও শেষ পর্যন্ত শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাব আগ্রহ দেখায়নি রোনালদোকে নিয়ে।
ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ার পর থেকেই মূলত অন্য ক্লাব খুঁজতে শুরু করেন রোনালদো। তবে দলবদলের সময়সীমা পেরিয়ে গেলেও পছন্দের ক্লাব খুঁজে পাননি ‘সিআর সেভেন’। এমনকি মূল্য কমিয়েও চেষ্টা করা হয়েছিল ক্লাব ছাড়ার।
তবে কেউই তখন আগ্রহ দেখায়নি তাঁকে নিয়ে। বাধ্য হয়ে ইউনাইটেডে থাকতে হলেও সেখানেও সুখে ছিলেন না এই ফরোয়ার্ড। তাঁর বেশির ভাগ সময় কাটছিল বেঞ্চে বসে। ক্ষুব্ধ রোনালদো একপর্যায়ে ম্যাচ শেষ হওয়ার আগে ডাগআউট ছেড়ে বেরিয়ে গিয়েও জড়ান বিতর্কে।
এরপর পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ ও ক্লাব কর্মকর্তাদের ধুয়ে দিয়ে তৈরি করেন ওল্ড ট্রাফোর্ড ছাড়ার রাস্তাও। বিশ্বকাপের মাঝামাঝি সময়ে ইউনাইটেডের সঙ্গে চুক্তিও শেষ করে দেন রোনালদো। তবে সে সময় ইউরোপে খেলতে চান বলেও জানান ৩৭ বছর বয়সী এই তারকা।
বলেছিলেন, ‘আমি এখানে (ইউরোপে) অনেক গোল করতে পারি এবং দলকে সহায়তা করতে পারি।’ পরে অবশ্য গুঞ্জন শোনা যায়, ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। শুরুতে অস্বীকার করলেও সেই গুঞ্জনই পরে সত্যি হয়েছে। চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন করে গতকাল আনুষ্ঠানিকভাবে রোনালদোকে পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে।
রোনালদোর এই দলবদলে অবশ্য তাঁর লম্বা সময়ের এজেন্ট হোর্হে মেন্দেসও যুক্ত ছিলেন না। এই এজেন্টের চাওয়া ছিল ওল্ড ট্রাফোর্ড থেকেই রোনালদো মাঠে নিজেকে প্রমাণ করুক। তবে সে সবের ধার ধারেননি পর্তুগিজ তারকা। মেন্দেসের পরিবর্তে এক আইনজীবীর সহায়তায় রোনালদোর দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন বন্ধু ও ব্যক্তিগত ম্যানেজার রিকার্ডো রেগুফে।