টানা চতুর্থবারের মতো আয়ে শীর্ষ অ্যাথলেট রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোরোনালদোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

যুক্তরাষ্ট্রের ব্যবসা–বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বে সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম শীর্ষে ওঠেন ২০১৬ সালে। এই এক দশকে রোনালদোর ঠিকানা পাল্টেছে বারবার। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে, সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এখন খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসরে।

অনেক জায়গায় ঘুরলেও দীর্ঘ এ সময়ে তাঁর আয়ে ভাটা পড়েনি। টানা চতুর্থ ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় শীর্ষে উঠেছেন ৪১ বছর বয়সী রোনালদো।

২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকা গতকাল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে ফোর্বস। গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার (প্রায় ৩৬৮৩ কোটি ৬২ লাখ টাকা) আয় করে শীর্ষে রোনালদো। এর মধ্যে আল নাসরের খেলার চুক্তি থেকে পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেন বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসার সূত্র থেকে।

ফোর্বসের আয়ের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসলেন। এই রেকর্ডে তাঁর ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডস। রেকর্ড ১১ বার শীর্ষে উঠেছেন উডস। তবে রোনালদোর এবারের আয়ের অঙ্ক এক অনন্য ইতিহাসও গড়েছে। ৩০ কোটি ডলার আয়ের মাধ্যমে তিনি মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের আয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, যা ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরুর পর এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড (মুদ্রাস্ফীতি সমন্বয় করলে মেওয়েদারের সেই আয় বর্তমানে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান)।

লিওনেল মেসি
মেসির ইনস্টাগ্রাম হ্যান্ডল

মেক্সিকান মুষ্টিযোদ্ধা ক্যানেলো আলভারেজ মোট ১৭ কোটি ডলার (প্রায় ২০৮৭ কোটি ৪৯ লাখ টাকা) আয় করে রোনালদোর পরই দ্বিতীয়। মোট ১৪ কোটি ডলার (প্রায় ১৭১৯ কোটি টাকা) আয় করে দুইয়ে ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
আয়ে এবার শীর্ষ ১০ অ্যাথলেট সম্মিলিতভাবে পকেটে পুরেছেন মোট ১৪০ কোটি ডলার। এই মোট আয় ২০২৫ সালের চেয়ে সামান্য বেশি এবং ২০১৬ সালে আয়ের (৬৩ কোটি ৫০ লাখ ডলার) দ্বিগুণেরও বেশি। ২০১৬ সালে রোনালদো ৮ কোটি ৮০ লাখ ডলার আয় করে প্রথমবারের মতো শীর্ষে ওঠেন।

আরও পড়ুন

ফোর্বস জানিয়েছে, গত আট বছরে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ৫০ অ্যাথলেটের সম্মিলিত আয় শুধু বেড়েই চলেছে। ২০১৮ সালে তাঁদের মোট আয় ছিল ২৬০ কোটি ডলার, ২০২৫ সালে তা দাঁড়ায় ৪২০ কোটি ডলারে।

তবে আয়ের এই চোখধাঁধানো ঊর্ধ্বমুখী ধারায় এবার কিছুটা ছেদ পড়েছে। কর ও এজেন্ট ফি বাদে গত ১২ মাসে শীর্ষ ৫০ অ্যাথলেটের সম্মিলিত আয় আনুমানিক ৪১০ কোটি ডলার। এর মধ্যে বেতন, বোনাস এবং প্রাইজমানি বাবদ মাঠ থেকে এসেছে ৩০০ কোটি ডলার এবং বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসা খাত থেকে আয় হয়েছে ১১০ কোটি ডলার। আর্থিক অঙ্কে আয় কমেছে প্রায় ৩ শতাংশ। তবে ফোর্বসের মতে, (মুদ্রাস্ফীতি সমন্বয় ছাড়াই) এবার অ্যাথলেটদের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড হয়েছে।

প্রথম আলো গ্রাফিকস

এবারের তালিকায় ১৮টি দেশ এবং আটটি ভিন্ন খেলার অ্যাথলেটরা জায়গা করে নিয়েছেন, যেখানে সবচেয়ে বড় আধিপত্য বাস্কেটবলের। এই খেলা থেকে ২০ জন অ্যাথলেট জায়গা করে নিয়েছেন তালিকায়। শীর্ষ দশে মেসি ও রোনালদোর ছাড়া ফুটবলারদের মধ্যে জায়গা পেয়েছেন শুধু আল হিলালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

আরও পড়ুন