দ্বিতীয় রাউন্ডে উঠলে অস্ট্রেলিয়াকে গ্রুপসঙ্গী পাবে বাংলাদেশ

২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঢাকায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ ম্যাচছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের সেই প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে বাংলাদেশ!

২০২২ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি সে ম্যাচে দারুণ এক গোল করেছিলেন। আরেকটি গোল করেছিলেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা ২-১ গোলে জিতলেও অস্ট্রেলিয়া লড়াইটা করেছিল দুর্দান্ত। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সেই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হতে পারে বাংলাদেশ। তবে সেটি হবে, প্রথম রাউন্ডে হোম ও অ্যাওয়ে মিলিয়ে দুটি ম্যাচে মালদ্বীপকে পেছনে ফেলতে পারলেই।

প্রথম আলো গ্রাফিক্‌স

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ার মোট ৪৬টি দেশের মধ্যে শেষের দিকের ২০টিকে নিয়ে হয়েছে প্রথম রাউন্ডের ড্র। শুরুর ২৬টি দেশ সরাসরি অংশ নিয়েছে দ্বিতীয় রাউন্ডের ড্রয়ে। প্রথম রাউন্ডে ২০টি দল নিজেদের মধ্যে খেলবে ১০টি ম্যাচ। বিজয়ী ১০ দলের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে সরাসরি অংশ নেওয়া ২৬টি দল, মোট ৩৬ দলকে দ্বিতীয় রাউন্ডে ভাগ করা হয়েছে ৯টি গ্রুপে। প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলে বাংলাদেশ পড়বে গ্রুপ ‘আই’তে। সেখানে অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের গ্রুপসঙ্গী হবে লেবানন ও ফিলিস্তিন।

পার্থের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫–০ গোলে।
ফাইল ছবি

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া নতুন নয় বাংলাদেশের জন্য। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে তাজিকিস্তান, কিরগিজস্তান ও জর্ডানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া। হোম ও অ্যাওয়ে মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ গোল খেয়েছিল বাংলাদেশ। পার্থের অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হারের পর ঢাকার ম্যাচে স্কোরলাইন ছিল ৪-০। টটেনহামের বর্তমান কোচ অ্যানজে পোস্তোকগলু ছিলেন সেই অস্ট্রেলিয়া দলের কোচ।

সাফে বাংলাদেশ–লেবানন ম্যাচের একটি মুহূর্ত
ছবি: বাফুফে

এবার মালদ্বীপকে হারালেও অপেক্ষা করে থাকবে অস্ট্রেলিয়া-পরীক্ষা। আই গ্রুপের বাকি দুই দলও অচেনা নয়। ফিলিস্তিনের বিপক্ষে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। লেবাননের বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতাটা তো টাটকাই। গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের বিপক্ষে ভালো খেলেও শেষের দিকের দুটি ভুলে ২-০ গোলে হারতে হয়েছিল সে ম্যাচে।