ঢুসকাণ্ডে ক্ষমা চাইলেন নুনিয়েজ
এবারের প্রিমিয়ার লিগে এমনিতেই লিভারপুলের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচে কোনোমতে হার এড়িয়েছে লিভারপুল। প্রথম ম্যাচে ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র। তবে লিভারপুলের উদ্বেগ প্যালেস-ম্যাচে যতটা না পয়েন্ট হারানোয়, তার চেয়ে বেশি তাদের ৭৮৮ কোটি টাকার ফুটবলার দারউইন নুনিয়েজকে নিয়ে। গোল করার জন্য যাঁকে এত টাকা দিয়ে বেনফিকা থেকে নিয়ে আসা হয়েছে, সেই উরুগুইয়ান স্ট্রাইকার প্যালেস-ম্যাচে কেলেঙ্কারি ঘটিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়কে ঢুস মেরে লাল কার্ড দেখে।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎই মেজাজ হারিয়ে বসেন নুনিয়েজ। তখনো লিভারপুল ১-০ গোলে পিছিয়ে ছিল। প্যালেসের ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন কিছুটা উত্ত্যক্তই করেছিলেন নুনিয়েজকে। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকার যে উত্তেজিত হয়ে অ্যান্ডারসেনকে মাথা দিয়ে গুঁতা মেরে বসবেন, সেটা কে ভেবেছিল। সরাসরি লাল কার্ডই দেখতে হয় তাঁকে। নুনিয়েজের এই কাণ্ডে বেজায় বিরক্ত কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি সরাসরিই সেদিন ম্যাচ শেষ বলেছেন, যেকোনো খেলোয়াড়েরই উচিত পরিস্থিতি বুঝে কাজ করা। তিনি অ্যান্ডারসনকে মাথা দিয়ে গুঁতা মারার ব্যাপারটিকে বলেছেন ‘ভুল প্রতিক্রিয়া’।
এখন এই ‘ভুল প্রতিক্রিয়া’ই পোড়াচ্ছে নুনিয়েজকে। প্যালেসের বিপক্ষে লাল কার্ড দেখে লিভারপুলের পরের তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি। ব্যাপারটি দলের জন্য মারাত্মক ক্ষতিই। লিভারপুলের পরের ম্যাচটিই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, আগামী ২২ আগস্ট। পরের দুটি ম্যাচ বোর্নমাউথ ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল নিশ্চয়ই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না। নুনিয়েজের লাল কার্ড সে কারণেই ক্লপের পরিকল্পনায় বড় একটা আঘাত হয়েই এসেছে।
নুনিয়েজ বুঝতে পারছেন, তিনি প্যালেসের বিপক্ষে ম্যাচে যা করেছেন, তা ভুল করেছেন। টুইটারে তিনি লিভারপুল-সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘আমি জানি কাজটা ভুল করেছি আমি। আমি এই ভুল থেকে শিখেছি, ভবিষ্যতে এ ধরনের কিছু আর হবে না, সবাইকে কথা দিচ্ছি।’
ম্যাচের শেষে কোচ ক্লপও নুনিয়েজকে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন, ‘আশা করছি, সে ভুল থেকে শিখবে। সে কয়েকটা ম্যাচ খেলতে পারবে না, সে সময় ও সুযোগ পাচ্ছে ভুল অনুধাবন করার। ব্যাপারটা দলের জন্য অবশ্য ভালো নয়, কারণ এই ম্যাচগুলোতে আমরা তাঁকে পাব না।’