৭০ মিনিটের গোলশূন্য ফাইনালের পর দুই দলই নিজেদের সঁপে দিয়েছে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায়। আর টাইব্রেকার মানেই তো টান টান উত্তেজনা। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুর্ভাগ্য—তাদের দুটি শট লাগে ক্রসবারে। গণ বিশ্ববিদ্যালয়ের লাগে একটি। শেষ পর্যন্ত ‘ভিলেন’ হয়ে দাঁড়ানো ক্রসবারই ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণ করে দিয়েছে।
টাইব্রেকারে ৪-২ গোলে জিতে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয়, রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। দুই দলই আগের চারটি ম্যাচে জিতে ফাইনালে এলেও চূড়ান্ত লড়াইয়ে আর গোলের দেখা পায়নি। ফারইস্টের আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ঢাকা মোহামেডানের স্ট্রাইকার সাজ্জাদ হোসেন খেলতে পারেননি ফাইনাল। তিনি দেশের বাইরে গেছেন। ফলে শক্তিশালী ফারইস্ট আক্রমণে শক্তি হারায়। দলটি এদিন গোলের সুযোগও তৈরি করতে পারেনি তেমন। তবে গোল তারা হজমও করেনি। কিন্তু টাইব্রেকার নামক ভাগ্যের খেলায় করতে হলো আত্মসমর্পণ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত ফুটবল টুর্নামেন্ট হয়, তাতে ফারইস্ট আর গণ বিশ্ববিদ্যায়েরই জয়জয়কার। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টও ব্যতিক্রম হয়নি। ২০১৯ সালে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়, রানার্সআপ ফারইস্ট। ওই বছরই ফারাজ গোল্ডকাপে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়। দলটি আবার প্রমাণ করেছে কেন তারা এই স্তরের অন্যতম সেরা।
২০১৭ সালে ফারাজ গোল্ডকাপে ফারইস্ট হয়েছিল রানার্সআপ, ২০১৮ সালে একই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ২০১৯ সালে ফর্টিস আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল, একই বছর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলেও ফারইস্ট চ্যাম্পিয়ন। এবার ইস্পাহানি-প্রথম আলো টুর্নামেন্টে অনেকের চোখেই ফেবারিট ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯ খেলোয়াড়সমৃদ্ধ ফারইস্টই। কিন্তু বিকেএসপি থেকে উঠে এসে দেশের শীর্ষ স্তরে খেলা একঝাঁক ফুটবলারের দল গণ বিশ্ববিদ্যালয়ও ছেড়ে কথা বলেনি। বলা যায়, একেবারে দলগত পারফরম্যান্সেই গণ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
টাইব্রেকারে যখন ম্যাচ গড়াল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠের চারপাশে তখন কয়েক হাজার ছাত্রছাত্রী সার বেঁধে দাঁড়িয়ে মুহূর্তটার সাক্ষী হচ্ছেন। এমনকি অতিথিরাও টাইব্রেকারের সময় আর বসে থাকতে পারেননি, মাঠের পাশে ভিড়ের ভেতর ঢুকে উপভোগ করেছেন। এ এক স্মরণীয় দৃশ্য। টাইব্রেকারের ৫ম শটে গণ বিশ্ববিদ্যালয় গোল করতেই তাদের হাজার সমর্থক মেতে ওঠেন উল্লাসে। অন্যদিকে ফারইস্টের ফুটবলাররা নুয়ে পড়েন হতাশায়। তীরে এসে তরি ডোবার ব্যথা তাঁরা অনুভব করছিলেন এই পড়ন্ত বিকেলে।
ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফারইস্টের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। সেমিফাইনালেও ম্যাচসেরা ছিলেন ঢাকা আবাহনীর হয়ে বিদায় মৌসুমে খেলা জাতীয় দলের এই ফুটবলার। ফাইনালেও চেষ্টা করেছেন দলকে জেতাতে, কিন্তু সাজ্জাদবিহীন ফারইস্টের আক্রমণভাগ আটকে গেছে গণ বিশ্ববিদ্যালয়ের রক্ষণে।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৬টি করে গোল করেছেন চারজন—ফারইস্টের স্বাধীন হোসেন, সাজ্জাদ হোসেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আল আমিন ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. শাকিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একাই সেমিফাইনাল পর্যন্ত টেনে আনা মাহমুদুল হাসান কিরণ হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। দলের চার ম্যাচের তিনটিতেই ম্যাচসেরা, ৪টি গোল করে তিনটিতে সহায়তাও করেছেন। কিরণ তাই হয়ে ওঠেন এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার।
প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন একঝাঁক অতিথি—জাতীয় দলের সাবেক কোচ ও টুর্নামেন্ট কমিটির প্রধান গোলাম সারোয়ার টিপু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
টুর্নামেন্টের সফল সমাপ্তিতে অতিথিরা ছিলেন উচ্ছ্বসিত। গোটা আয়োজন নিয়েই তাঁরা নিজেদের ভালো লাগার কথা বলেছেন। ভবিষ্যতেও টুর্নামেন্টটি অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। গোলাম সারোয়ার টিপু যেমন বলেন, ‘পুরো আয়োজনটাই ছিল দেখার মতো। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন টুর্নামেন্ট নিয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। চাইব এটি যেন বন্ধ না হয়।’
ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানির কথা, ‘দারুণ একটি ফাইনাল দেখেছি আমরা। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় ছাত্রদের খেলাধুলায় আরও আগ্রহী করবে। আমরা খেলাধুলায় অনেক আগে থেকে পৃষ্ঠপোষণা করে আসছি। এটা অব্যাহত থাকবে।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সার্বিক সহযোগিতার জন্য। ফাইনালের দুই দলকেই অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ফুটবল দেশের জনপ্রিয় খেলা। ইস্পাহানি গ্রুপকে আমরা ধন্যবাদ জানাই এ ধরনের একটি উদ্যোগ এগিয়ে নেওয়ার জন্য।’
টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ, ক্রীড়া লেখক ইকরামউজ্জমান, পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদও উপস্থিত ছিলেন। ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাহিত্যিক আনিসুল হক, প্রথম আলো হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল প্রমুখ।
সাবেক খেলোয়াড়, বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, কর্মকর্তা আর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আজকের দিনটি পরিণত হয়েছিল মিলনমেলায়। যেখানে ছিলেন চ্যাম্পিয়ন গণ বিশ্ব বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. আবুল হোসেনও। পুরস্কার মঞ্চে এসে তিনি বলেন, ‘আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে।’
তাঁর কথাটাই সবার মনের কথা। ১৪ জুলাই চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে যে টুর্নামেন্টের শুরু, ৩২টি দলের অংশগ্রহণ শেষে আজ সেটির পর্দা নামল। সবাই ফিরে গেলেন যে যাঁর গন্তব্যে, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্টটি হবে এই প্রত্যাশা নিয়ে।