চূড়ান্ত পর্বে আইআইইউসি ও সাদার্ন

ঢাকার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাদার্ন ইউনিভার্সিটিছবি: জুয়েল শীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাদার্ন ইউনিভার্সিটি।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ শনিবার প্রথম ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয় ২-১ গোলে হারিয়েছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে। দ্বিতীয় ম্যাচে সাদার্ন ইউনিভার্সিটি ৩-১ গোলে জিতেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে।

এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। গোল করেন দলের অধিনায়ক রাজ্জাক। মিনিট পাঁচেক পর বিজিসির সমতা ফেরানো গোলটাও আসে পেনাল্টি থেকেই। এবার গোল করেন বিজিসির ফাহিম।

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয় পেনাল্টি পেয়েছিল প্রতিপক্ষ ফাউল করায়, বিজিসি পেনাল্টি পায় হ্যান্ডবলের কারণে। যোগ হওয়া সময়ে ফ্রি-কিক থেকে গোল করে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জয় নিশ্চিত করেন রিদুয়ানুল।

সাদার্ন ইউনিভার্সিটি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাচের একটি মুহূর্ত
ছবি: জুয়েল শীল

এ জয়েই ঢাকা পর্ব নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়। রিদয়ানুল হন ম্যাচসেরা খেলোয়াড়। পুরস্কার তুলে দেন সিজেকেএসের নির্বাহী সদস্য মো. ইউসুফ ও ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) শরীফুল ইসলাম। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে ১-১ সমতার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল ম্যাচ জিতে যায় সাদার্ন। ম্যাচসেরা হন আরমান হাবিব।

আরও পড়ুন

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, ‘তরুণেরা এখন মোবাইলে আসক্ত। তাই যত বেশি ফুটবল-ক্রিকেট খেলা আয়োজন করা হবে ততই ভালো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
এর আগে গতকাল শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।