ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর
দুটি গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্ট। একটা বল। আর খালি পায়ে ছুটতে থাকা কয়েকটা ছেলে। গাম্বিয়ার এক গ্রামের এই দৃশ্য থেকেই শুরু এব্রিমা তুনকারার গল্প। সেই গল্পের সর্বশেষ অধ্যায়ে এসে এখন তাঁকে নিয়ে কথা বলছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। বয়স মোটে ১৬।
গত শনিবার সংবাদ সম্মেলনে এব্রিমার প্রসঙ্গে আসতেই ফ্লিক বলেছেন, ‘আমার কাছে এব্রিমা দারুণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনে এটা দেখেছি, এবারের প্রি-সিজনেও। দুর্দান্ত খেলোয়াড়, দুর্দান্ত প্রতিভা। আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয়, এই ক্লাবে ওর বিশাল ভবিষ্যৎ আছে।’
ফ্লিকের মতো কোচের মুখে এ কথার ওজন আছে বৈকি। বার্সেলোনা মূল দলের দরজা এমনি এমনি খোলে না।
তুনকারার শৈশবে ছিল না আধুনিক অনুশীলন মাঠ, দামি বুট। স্কুলে যেতে হতো কয়েক কিলোমিটার হেঁটে। ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে গাম্বিয়া ছেড়ে কাতালোনিয়ায় চলে আসে। ১ বছর পর, ৮ বছর বয়সে, প্রথম ক্লাব সেরদানিওলা থেকে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। তাঁকে ক্লাব ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাবা আবদুলের এক বন্ধু। তুনকারা তখন বুঝতেই পারেনি, বার্সেলোনায় যাওয়া মানে কী, ‘কী হচ্ছে, কিছুই বুঝিনি।’
২০২১ সালের গ্রীষ্ম থেকে লা মাসিয়াতেই আছে তুনকারা। পরিবারের কষ্টের কথাও ভোলেনি। স্পেন ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) দেওয়া সাক্ষাৎকারে বলেছে, ‘এখানে আসতে পেরে আমি সত্যিই খুশি। বাবা আমাদের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সাধ্যের সবকিছু করেছেন। পুরো পরিবারের এখানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে।’
তুনকারা অ্যাটাকিং মিডফিল্ডার। নিজের সবচেয়ে বড় শক্তির জায়গা কী প্রশ্নে ফিফাকে বলেছে, ‘আমার সবচেয়ে বড় শক্তি? গতি আর বল নিয়ন্ত্রণ।’ ছোট জায়গায় ডিফেন্ডার কাটিয়ে যেতে পারে, বাঁ পায়ে বল নিয়ে ভিড় ঠেলে এগোতে পারে, সতীর্থদের জন্য সুযোগও বানায়। লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা উঠছে, যদিও তুনকারা সাধারণত খেলে আরও ভেতরে, নম্বর টেন ভূমিকায়। তার সাবেক যুব কোচ আলবের্ট পুইগ স্পোর্টকে বলেছেন, ‘ওর ওপর সব সময় ভরসা করা যেত, বড় ম্যাচগুলোতে ও ঠিকই আসল কাজটা করে দিত।’
ফ্লিক গত মৌসুমে তাকে বার্সেলোনার প্রথম দলের অনুশীলনে ডেকেছিলেন। এবারের প্রি-সিজনে বার্মিংহাম সিটি, উদিনেস ও বাসেলের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে তুনকারা। আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে লা লিগার সাম্প্রতিক দুটি ম্যাচ অবশ্য বেঞ্চে কাটাতে হয়েছে, প্রতিযোগিতামূলক অভিষেকের অপেক্ষা এখনো ফুরোয়নি।
কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের হয়ে গ্রুপ পর্বেই নজর কেড়েছে তুনকারা। চীনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে একটি গোল করেছে, করিয়েছে আরেকটি। ফিজির বিপক্ষে ১৫-০ গোলের জয়ে বিশ্রামে ছিল। মরক্কোর বিপক্ষে ফিরেই ২-০ গোলের জয়ে করেছে প্রথম গোলটি। তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ শেষ করে স্পেন উঠেছে শেষ বত্রিশে, যেখানে প্রতিপক্ষ উজবেকিস্তান। কাতারে যাওয়ার আগে ২০২৬ সালের উয়েফা অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের স্বীকৃতি উঠেছিল তুনকারার হাতে।
স্পেন অনূর্ধ্ব-১৭ দলের কোচ দাভিদ কুবিয়োর মতে, তুনকারার সবচেয়ে বড় উন্নতি সিদ্ধান্ত নেওয়ায়। আগে বল ধরে রাখত বেশিক্ষণ, পাস দেওয়ার জায়গায় ড্রিবল করত। কুবিয়োর ভাষায়, ‘গত কয়েক মৌসুমে ওর একটা বাড়তি টাচ নেওয়ার প্রবণতা ছিল, এখন আর নেই। এখন ও জানে, তিনজন চেপে ধরলে একজন সতীর্থ ফাঁকা জায়গায় আছে এবং তাকে ঠিক কীভাবে খুঁজে নিতে হয়। এই জায়গায় ও সত্যিই এগোচ্ছে, আরও কাজ করে যেতে হবে।’
আরেকটা জায়গা এখনো বাকি, শূন্যে খেলা। কুবিয়ো বলেছেন, ‘ওকে হেডিং নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। খুব ভালো হেডার, কিন্তু পুরো সুবিধা নিচ্ছে না। ও দুর্দান্ত খেলোয়াড়। ভীষণ বিনয়ী ছেলে, বোঝে যে আধুনিক ফুটবল মানে মাঠের দুই প্রান্তেই সেরা হওয়া।’
লা মাসিয়া থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, সবশেষে ইয়ামাল। তুনকারাকে নিয়েও আশা দেখছেন অনেকে। তুনকারা নিজে পা রেখেছে মাটিতেই, ‘আমি সবকিছু সহজভাবে নিই। নিজের কাজে মন দিই, ফুটবল খেলি, ব্যস।’
যে ছেলেটি একদিন গাম্বিয়ার গ্রামে খালি পায়ে বল নিয়ে দৌড়াত, তার সামনে এখন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। ফুটবলে বড় হওয়ার জন্য কখনো কখনো শুধু একটা বলই যথেষ্ট। বাকি গল্পটা লিখে দেয় প্রতিভা, পরিশ্রম আর সময়।