ফাইনালের আগে, মাঝে ও পরে যত আয়োজন
বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চের এক বিশাল আয়োজনও। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা–স্পেনের ফাইনালকে ঘিরে এবার থাকছে একাধিক নতুনত্ব।
সমাপনী অনুষ্ঠান থেকে শুরু করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শো, বিশেষ পুরস্কার—সব মিলিয়ে পুরো দিনটিই সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।
ম্যাচ শুরুর আগে: তারকাদের সমাপনী অনুষ্ঠান
ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) শুরু হবে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এরপর মঞ্চ মাতাবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার ও জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি থাকবে হলিউড তারকা টম ক্রুজেরও।
মাঝ বিরতিতে ইতিহাসের প্রথম হাফটাইম শো
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে থাকছে সুপার বোলের আদলে হাফটাইম শো।
১১ মিনিটের মূল পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে শুধু ১১ মিনিটের অনুষ্ঠানই নয়, মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়ার সময় মিলিয়ে বিরতি ২০ থেকে ২৫ মিনিট, এমনকি তার চেয়েও বেশি দীর্ঘ হতে পারে। যদিও ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির নিয়ম অনুযায়ী বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা। দীর্ঘ বিরতির কারণে দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলোয়াড়দের অতিরিক্ত ওয়ার্মআপও করতে হতে পারে।
ম্যাচ শেষে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ জয়ের আনুষ্ঠানিক মুহূর্তে আতশবাজি, কনফেত্তি ও আলোকসজ্জায় উদ্যাপন করা হবে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে।
প্রথমবার দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’
এবারই প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্যদের জন্য বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং চালু করেছে ফিফা। চ্যাম্পিয়ন দলের ৩০ সদস্য এই আংটি পাবেন। পুরস্কার বিতরণীর সময় অধিনায়ক ও কোচকে প্রতীকীভাবে একই মাপের আংটি দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করে ব্যক্তিগত আংটি পৌঁছে দেওয়া হবে।
৫ কোটি ডলারের পুরস্কার
বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১৫ কোটি টাকা) প্রাইজমানি। ট্রফি, পদক ও ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি এটিই হবে ফাইনালের সবচেয়ে বড় আর্থিক প্রাপ্তি।
সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে, মাঝে ও পরে ফুটবলের সঙ্গে বিনোদন, ইতিহাস ও উৎসবের এক অনন্য সমন্বয় দেখবে বিশ্বের কোটি কোটি দর্শক।