এক এক করে টানা তিন মৌসুমে কমিউনিটি শিল্ডে হারল ম্যানচেস্টার সিটি, কারণটা কী?
সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলার জবাবটা ছিল আত্মবিশ্বাসে ভরপুর, ‘কারণ, আমরা তিনবারই প্রিমিয়ার লিগ জিতেছি’। কমিউনিটি শিল্ডে হ্যাটট্রিক হারের পেছনে ম্যানচেস্টার সিটির সান্ত্বনার জায়গাও সম্ভবত এটাই।
ইংল্যান্ডের ১১৫ বছরের পুরোনো প্রতিযোগিতাটিতে খেলতে পারে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের চ্যাম্পিয়ন। কোনো মৌসুমে দুটি ট্রফি একই দল জিতলে প্রিমিয়ার লিগে দ্বিতীয় হওয়া দল সুযোগ পায়। এবার যেমন সিটি দুটিতেই জেতায় কমিউনিটি শিল্ডে তাদের প্রতিপক্ষ হয়েছে লিগ রানার্সআপ আর্সেনাল। আর সেই আর্সেনালের কাছেই এবার টাইব্রেকারে হেরেছে সিটি। তবে টানা তিন বছর না জেতার পেছনে মৌসুমের সাফল্যেই ইতিবাচকতা খুঁজতে চাইলেন সিটি কোচ। বলতে চাইলেন, টানা তিনবার প্রিমিয়ার লিগে না জিতলে কমিউনিটি শিল্ডেই সুযোগ হতো না, টানা তিন হারের প্রশ্নও আসত না।
তবে সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তরে ইতিবাচক হতে পারেননি সিটি কোচ। ৭৭ মিনিটে কোল পারমারের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। নির্ধারিত ৯০ মিনিটের পর ৮ মিনিট যোগ করেছিলেন রেফারি স্টুয়ার্ট আটওয়েল। সেই যোগ করা সময় ৮ মিনিট থেকে ১৪ মিনিটে গিয়ে ঠেকে। এর মধ্যেই ১১তম মিনিটে লিয়ান্দ্রো তোসারের শট মানুয়েল আকানজির গায়ে লেগে সিটির জালে ঢুকলে সমতায় ফেরে আর্সেনাল। প্রথমে নির্ধারণ করা সময় অনুসারে বাঁশি বাজানো হলে আর্সেনাল গোল পেত না, ম্যাচ গড়াতো না টাইব্রেকারে।
রেফারি স্টুয়ার্ট আটওয়েল খেলা দীর্ঘায়িত করেন যোগ করা সময়ে কাইল ওয়াকার-থমাস পার্টের মাথায় সংঘর্ষজনিত চিকিৎসার কারণে। ওই সময়টুকু পুষিয়ে নিতেই যোগ করা সময় প্রায় দ্বিগুণ হয়ে যায়। ফুটবলের এই নিয়ম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন গার্দিওলা। এটি চালুর আগে ফুটবল কোচদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানান তিনি, ‘এটা বিরক্তিকর নয়, এর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমরা ১-০ ব্যবধানে জিতছিলাম বলে নয়, তবে আমার মনে হয়েছে, আট মিনিট বাড়ানোর মতো এত কিছু ঘটেনি। এটা এখন (ফুটবলের আইন প্রণয়ন সংস্থা) ইন্টারন্যাশনাল বোর্ডের জন্য ভালো প্রশ্ন, তারা এটা নিয়ে ম্যানেজার বা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেনি।’
ফুটবল মাঠে খেলা না হওয়া প্রতিটি মুহূর্ত পুষিয়ে দিতে চাইলে কী ঘটতে পারে, তার একটি কাল্পনিক চিত্রও তুলে ধরেছেন গার্দিওলা, ‘এখন তো সব ম্যাচই এক শ মিনিটের হয়ে যাবে। ভেবে দেখুন তো, ৪-৩ স্কোরলাইনের একটা ম্যাচে প্রতিবার সময় বাড়ানোর পর একটা করে গোল হচ্ছে, আর এক গোলের জন্য ৩০-৪৫ সেকেন্ড করে সময় বাড়ছে। এভাবে তো আগামীকাল সকাল নয়টা বেজে যাবে। কিন্তু খেলা চলতেই থাকবে।’
আর্সেনাল কোচ মিকেল আরতেতাও অবশ্য সামনের ম্যাচগুলো ১০০ মিনিটের খেলায় পরিণত হবে বলে মনে করছেন। তবে ম্যাচের পুরো সময় কার্যকর করে তুলতে তিনি এটার সুবিধাই দেখছেন, ‘এখানে ব্যাপারটা কার্যকরী সময়ের। আমি তো এটাকে ভালোই মনে করি। কারণ, সময় নষ্টের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। এখন তো দলগুলো সেটা করতে গেলে দুবার ভাববে। এখন আমাদের এক শ মিনিটের ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।’