অধিনায়ক রোনালদোও ঠেকাতে পারলেন না ইউনাইটেডের হার

ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমটা ক্রিস্টিয়ানো রোনালদোকে নতুন নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই যে রোনালদো দলীয় শৃঙ্খলাজনিত কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, অ্যাস্টন ভিলার বিপক্ষে সেই রোনালদোই নামলেন অধিনায়কের আর্মব্যান্ড পরে। যদিও অধিনায়কের আর্মব্যান্ড হাতে নিয়ে দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা।

অ্যাস্টন ভিলার মাঠে হেরেছেন ৩-১ গোলে। লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত থাকার পর পরাজয়ের স্বাদ পেতে হলো রেড ডেভিলদের। ইউনাইটেডের বিপক্ষে ৯৯৪১ দিন পর ঘরের মাঠে লিগে জয় পেল ভিলা।

অ্যাস্টন ভিলার নতুন কোচ উনাই এমেরির জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারত। ঘরের মাঠে দর্শকদের অভ্যর্থনার পাশাপাশি ফুটবলাররা অভ্যর্থনা জানালেন ৭ মিনিটে ইউনাইটেডের বিপক্ষে গোল করে। ম্যাচের ৭ মিনিটে লিওনবেইলির গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ভিলার প্রথম গোলটা যে ‘ফ্লুক’ ছিল না, তা প্রমাণিত হয় ৪ মিনিট পর তারা দ্বিতীয় গোল করলে।

অ্যাস্টন ভিলার কাছে ইউনাইটেড হেরেছে ৩–১ গোলে
ছবি: এএফপি

লুকাস দিনিয়ের গোলে ২-০ গোলে এগিয়ে যায় ভিলা। এরপর ইউনাইটেডের সামনেও কয়েকটি সুযোগ এসেছিল। যদিও এমি মার্টিনেজ–বীরত্বে বল জালে জড়াতে পারেনি ইউনাইটেড। ম্যাচের ৩ নম্বর গোলটাও আসে অ্যাস্টন ভিলার ফুটবলারের কাছ থেকে, তবে এবার বল জড়ান নিজেদের জালে। জ্যাকব রামসির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইউনাইটেড।

আত্মঘাতী সেই গোলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বিরতিতে গিয়েছিল এরিক টেন হাগের দল। তবে বিরতির পর সে মোমেন্টাম কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৪৯ মিনিটে সেই রামসির গোলেই আরও পিছিয়ে পড়ে ইউনাইটেড। ম্যাচের ৬১ মিনিটে হলুদ কার্ড দেখেন রোনালদো। ৬৪ মিনিটে তিনটি পরিবর্তন আনেন টেন হাগ। মাঠে নামেন এলাঙ্গা, মার্শিয়াল, মালাসিয়া। যদিও তাতে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। ঘরের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে উনাই এমেরিরি দল।