একের পর এক চমক। প্রথমে সৌদি আরব, যারা কিনা আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে সাড়া ফেলেছিল। দৃশ্যপটে এরপর আসে জাপান। ওরা প্রথমে হারাল জার্মানিকে, তারপর স্পেন। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ডেনমার্ক ও তিউনিসিয়া। সর্বশেষ চমক দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের সঙ্গে ড্র এবং পর্তুগালকে হারিয়ে কোরিয়ানরা এখন আকাশে উড়ছে।
কাতার বিশ্বকাপে এশিয়ার উপস্থিতি কতটা উজ্জ্বল, এ থেকেই বুঝে নিতে পারেন। এই প্রথম কোনো বিশ্বকাপে এশিয়ার তিন প্রতিনিধি নকআউটে উঠেছে। যেখানে কিনা জার্মানি, উরুগুয়ের মতো দলকে গ্রুপ পর্ব থেকে ফিরতে হয়েছে বাড়ি।
স্পেনকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েছে জাপান। ফ্রান্সের সঙ্গে সমান ৬ পয়েন্ট নিয়েও গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া। কোরিয়াও হয়েছে গ্রুপে দ্বিতীয়। চারদিকে আলোচনা শুরু হয়েছে, এশিয়ার এ উত্থানের মূলে কী? খেলার মান বেড়েছে, নাকি ইউরোপিয়ানরা ব্যস্ত মৌসুম খেলে কাতারে ক্লান্ত হয়ে পড়েছে? প্রশ্নটা অনেকের মনেই ঘুরেফিরে আসছে।
আমি বলব, এশিয়ার দলগুলোর খেলার মান বেড়েছে। এশিয়ার দেশগুলো যে কয়টা ম্যাচ জিতেছে, ভালো খেলেই জিতেছে। এমন নয় যে ফাঁকতালে জিতে গেছে।
একসময় এশিয়ার ফুটবলাররা শুধু এশিয়াতেই খেলত। ইউরোপের ক্লাব ফুটবল ছিল তাদের কাছে স্বপ্নের ব্যাপার। কিন্তু সেটা আজ আর নেই। এখন এশিয়ার অনেক ফুটবলারই ইউরোপের বিভিন্ন লিগে ছড়িয়ে পড়েছে। জাপানের বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপে খেলে নিয়মিত। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরাও ইউরোপমুখী বেশ আগে থেকেই। তাদের সেরা খেলোয়াড় সন হিউং মিন তো ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাচ্ছে টটেনহামের জার্সিতে।
ইউরোপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগগুলোয় খেলায় যেটা হয়েছে, এশিয়ার খেলোয়াড়েরা নিজেদের খেলার মান উন্নয়ন করেছে অনেক। অনেক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তারা। আর সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে জাতীয় দলের জার্সিতে।
তা ছাড়া ফুটবলে উন্নতি করতে এশিয়ার দেশগুলো প্রচুর পরিশ্রম করছে এখন। জাপান, কোরিয়ার মতো দেশগুলো নিরন্তর চেষ্টা করছে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করতে। বৃহত্তর পরিকল্পনা নিয়ে এগিয়ে ফুটবলের পেছনে টাকা ঢালছে প্রচুর।
ইউরোপ যেসব সূত্র মেনে ফুটবলে উন্নতি করেছে, সেটা এশিয়ার পরাশক্তি দলগুলোও করছে। ফুটবলার গড়ে তুলছে একেবারে ছোট থেকে। তৈরি করছে একাডেমি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে এশিয়ার বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়। বিভিন্ন দেশের ফুটবল উন্নয়ন নিয়ে তাদের কর্মসূচিগুলো দেখি। দেখে বুঝতে পারি, ফুটবলে উঠে আসতে কতটা তৎপর জাপান বা কোরিয়া। কোটি কোটি ডলার খরচে তারা কোনো দ্বিধা করছে না। আসলে টাকা ছাড়া কিছু হয় না।
জাপান–কোরিয়ার টাকা আছে। সঙ্গে ফুটবলার তৈরির একটা কার্যকর পদ্ধতি গড়ে তোলা হয়েছে। এসবেরই ফল এশিয়ার আজকের সাফল্য। আমার তো ধারণা, এশিয়া এখানেই থেমে থাকবে না। আগামী সাত-আট বছর পর ইউরোপকে ছুঁয়ে ফেলবে এশিয়া।
অনেকে বলতে পারেন, আমি একটু বেশিই আশাবাদী। আসলে এশিয়ার খেলা দেখে সেটা বলার সাহস পাচ্ছি। জাপান–কোরিয়া বা অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে সত্যিই ভালো খেলেছে। ইরান দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলেও ওয়েলসের মতো দলকে হারিয়ে দিয়েছে। তারপরও অনেকের মুখে দ্বিধা দেখছি।
অনেকে প্রশ্ন তুলছেন, এশিয়ার এ চমক কত দূর দেখা যাবে? পারবে তো তারা আরও সামনে যেতে? আমি বলব, এশিয়ার এ চমক অব্যাহত থাকবে। সামনে আরও অনেক কিছুই দেখতে পারেন ফুটবলপ্রেমীরা।