২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেন-মরক্কোর টানাটানিতে যা বলল ফিফা
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। কিন্তু সেই বিশ্বকাপ ফাইনাল হবে কোথায়? এ নিয়ে দুই আয়োজক স্পেন এবং মরক্কোর মধ্যে চলছে টানাটানি। মরক্কোর দাবি, বিশ্বকাপের ফাইনাল হবে কাসাব্লাঙ্কাতে। অন্যদিকে স্পেন আগেই বলে রেখেছে, ফাইনাল আয়োজনের যোগ্যতা তাদেরই বেশি।
ফিফা কী বলছে? ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনো ২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা করেনি। ফিফার এক মুখপাত্র স্পেনের বার্তা সংস্থা ইএফইকে বলেছেন, ফিফা তাদের সিদ্ধান্ত উপযুক্ত সময়ে জানাবে।
২০২৬ বিশ্বকাপ ফাইনাল হয়েছে গত ১৯ জুলাই। পরের বিশ্বকাপ ফাইনাল নিয়ে এখনই আলোচনা হচ্ছে মূলত আয়োজক দেশগুলোর ফুটবল ফেডারেশন প্রধানদের বক্তব্যের কারণে।
গত পরশুই মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা এক রাজনৈতিক অনুষ্ঠানে বলেছেন, ‘বেনস্লিমানে শহরেই বিশ্বকাপের ফাইনাল হবে। এটা কারও পছন্দ হোক বা না হোক, আর এ নিয়ে কেউ কথা বলতে চাইলে বলুক। বিশ্বকাপ ফাইনালের শহর হবে বেনস্লিমান, স্টেডিয়াম হবে হাসান ২ স্টেডিয়াম। আর আমি আশা করি, ফাইনালে মরক্কোই খেলবে।’
বেনস্লিমানে নির্মাণাধীন হাসান ২ স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার। ২০২৭ সালের শেষ দিকে স্টেডিয়ামটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এটি নির্মিত হলে ধারণক্ষমতার দিক থেকে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি।
এর আগে স্পেনও ফাইনাল আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান বলেন, ফাইনাল স্পেনেই হওয়া উচিত। ৪ সেপ্টেম্বর সেউতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমান সময়ে ফুটবলের দিক থেকে স্পেনই সেরা দেশ এবং বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অধিকারও তাদের পাওয়া উচিত।’
ফাইনাল আয়োজনের জন্য স্পেনের হাতে আছে দুটি বড় ভেন্যু—মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু। সংস্কারের পর ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজার। অন্যদিকে বার্নাব্যুতে আসন ৭৮ হাজার ২৯৭টি।
ফাইনাল নিয়ে বিরোধের এ সময়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইউরোপীয় ফুটবল কর্তাদের তীব্র চাপের মুখে রয়েছেন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নেতৃত্বে ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা আটকে দেওয়া হয়েছে। অনেক দেশই ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। সর্বশেষ এই তালিকায় যোগ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
অন্যদিকে মরক্কোসহ ছয়টি আরব দেশের ফুটবল ফেডারেশন ওই ঘটনার পরও ইনফান্তিনোকে সমর্থন দিয়ে আসছে। সম্প্রতি মরক্কো সফরও করেন ইনফান্তিনো। জুলাইয়ে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসনে আরোহণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর আগস্টেও মরক্কোয় গিয়ে ফিফার একটি বৈঠক করেন।
ইনফান্তিনোকে আগামী নির্বাচনে মরক্কোর সমর্থনের বিনিময়ে দেশটিকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। যদিও ফিফা সেই অভিযোগ অস্বীকার করেছে।