আবাহনীর বড় জয়, পয়েন্ট খোয়াল ফর্টিস
বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। চাঁদপুর জেলা স্টেডিয়ামে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ড্র করেছিল আবাহনী। ফলে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে আবাহনীর অবস্থান তৃতীয়। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পুলিশ এফসি।
আগের ম্যাচে হেরে যাওয়া ওয়ান্ডারার্সের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যান্টনি ওকাচির গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মঈদ আহমেদ।
ছয় মিনিটের মধ্যে দুই গোল হজম করেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়ান্ডারার্স। ১৩ মিনিটে জাহিদ হোসেনের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় দলটি। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় আবাহনীই। ৩৩ মিনিটে মাইকেল বাবাতুন্দের গোলে স্কোরলাইন হয় ৩–১।
প্রথমার্ধের এই ব্যবধান দ্বিতীয়ার্ধে আরও বড় হয়। ৭৪ মিনিটে দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন ওকাচি। যোগ করা সময়ে আল–আমিন করেন পঞ্চম গোল।
পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল ছিল আবাহনীর দখলে। গোলমুখে নেওয়া ১৮টি শটের ১০টিই ছিল লক্ষ্যে। যার ফল ৫–১ গোলের বড় জয়।
দিনের আরেক ম্যাচে কিংস অ্যারেনায় ঢাকা সিটি ক্লাবের সঙ্গে ৩–৩ গোলে ড্র করেছে ফর্টিস। এই ড্রয়ের পর দুই দলেরই পয়েন্ট ৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে ফর্টিস। ঢাকা সিটি ক্লাব আছে চতুর্থ স্থানে।
অন্যদিকে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও রহমতগঞ্জের ম্যাচটিও হয়েছে ড্র। ২–২ স্কোরলাইনে শেষ হয়েছে ম্যাচ। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থাকা আরামবাগের পয়েন্ট ২, ১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ। ১৩ দলের লিগে ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম সিটি এফসি এখনো কোনো পয়েন্ট পায়নি।