যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন আফ্রিকার সেরা রেফারি

সোমালিয়ার রেফারি আরতানএএফপি

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে অফিশিয়ালদের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।

৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রেফারি। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। চলতি বছর একই প্রতিযোগিতার ফাইনালে তিনি রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাদের দলের নেতৃত্বও দেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনো আরতানকে দেশে ফেরত পাঠানোর কারণ জানায়নি। তবে সোমালিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কয়েকটি দেশের একটি। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, আরতান এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারবেন না।

আরও পড়ুন

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিফার আগের আসরগুলোর মতো এবারও কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতেই আছে।’

আফ্রিকার অন্যতম সেরা রেফারি আরতান
এএফপি

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, বৈধ ভ্রমণ নথিপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন আরতান।

কেনিয়ার নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এর আগে ভিসা–সংক্রান্ত জটিলতায় পড়ায় আরতানের যাতায়াত সহজ করতে বিশেষভাবে তাঁর জন্য কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।

ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে জরুরি ব্যাখ্যা চেয়েছে।

আরও পড়ুন

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান আন্ড্রু গিওলিয়ানি বলেন, ‘এ বিষয়ে নেতিবাচক বা গোপন তথ্য নিয়ে আমি বিস্তারিত বলতে পারব না। তবে আমি বলতে পারি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিদ্ধান্তটি সঠিক ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি।’

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে আরতান বলেছেন, তিনি এখন ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে চান। আরতান বলেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমি ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি।’

বাদ পড়েও ইতিবাচক থাকার কথা বলছেন আরতান
এএফপি

আরতান আরও বলেন, ‘আমাকে সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠানো ফুটবল পরিবারের সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আমার সহকর্মীদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতের কোনো প্রতিযোগিতায় আবার তাঁদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকলাম।’

আরতান ৫২ রেফারির একজন ছিলেন, যাদের ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পালনের জন্য বাছাই করেছিল ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।