প্রীতি ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল
চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন লিভারপুল গোলকিপার আলিসন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই খবর নিশ্চিত করেছে।
আলিসন কোথায়, কতটা চোট পেয়েছেন, তা অবশ্য সবিস্তার জানায়নি সিবিএফ। দুটি প্রীতি ম্যাচের জন্য আলিসনের বদলি হিসেবে করিন্থিয়ান্স গোলকিপার হুগো সউজাকে দলে ডাকা হয়েছে।
বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
চলতি মৌসুমজুড়েই ফিটনেস সমস্যায় ভুগছেন ৩৩ বছর বয়সী আলিসন। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচে খেলতে পারেননি। এর আগে গত বছর অক্টোবর থেকে নভেম্বরে ফিটনেস সমস্যার কারণে লিভারপুলের হয়ে ১২ ম্যাচে খেলতে পারেননি আলিসন। হ্যামস্ট্রিংয়ের সমস্যার জন্য গত তিন মৌসুম মিলিয়ে ৫০ ম্যাচ মাঠের বাইরে ছিলেন এ গোলকিপার।
আলিসনের চোটের খবরটি লিভারপুল কোচ আর্নে স্লটের জন্যও বড় ধাক্কা। প্রিমিয়ার লিগে আজ সন্ধ্যায় ব্রাইটনের বিপক্ষে ম্যাচে তাঁকে পাচ্ছে না লিভারপুল। আলিসনের জায়গায় লিভারপুলের পোস্টে দাঁড়াবেন গিওর্গি মামারদাশভিলি।