ইনফান্তিনো চলে গেলে ফুটবলের যে ক্ষতি দেখছেন ট্রাম্প

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পরয়টার্স

পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। তবে চলমান বিতর্কের মধ্যেই তাঁর পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

কর্মক্ষেত্রে পরকীয়ার অভিযোগ এবং একটি ব্যর্থ বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবে, তাহলে সেটি হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত।

ইতালীয়-সুইস এই আইনজীবীকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইনফান্তিনোর নেতৃত্বেই সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজিত হয়েছে, যা অন্য যেকোনো আসরের চেয়ে চার গুণ বেশি সফল।

আরও পড়ুন

ট্রাম্প আরও বলেন, ইনফান্তিনো চলে গেলে ফিফা আর কখনো এত সফল বা লাভজনক হবে না।

ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে বিশ্বকাপের বেশ আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্বকাপ ফাইনালেও দেখা গেছে ট্রাম্পকে। এমনকি যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ট্রাম্পের অনুরোধেই স্থগিত করেছিল ফিফা, সেটিও নিশ্চিত করেছিলেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এ অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। কানাডা ফুটবল এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের একাধিক ফুটবল সংস্থার সঙ্গে যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর সমালোচনা করেছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এএফপি

আগামী মার্চে পুনর্নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইনফান্তিনো সব অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও তাদের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে বলেছে, সংস্থাকে দুর্বল করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ সমালোচনা চালিয়ে যাচ্ছে।

ইনফান্তিনো অবশ্য সমর্থন পেয়েছেন আরও। ট্রাম্পের মতোই ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।