ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা।
যুক্তরাষ্ট্রের একটি আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা ৫৬ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ‘ক্রিমিনাল মিসম্যানেজমেন্ট’ বা ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
দ্য ইনডিপেনডেন্টের দেখা ওই নথিতে উয়েফা দাবি করেছে, ফিফার প্রস্তাবিত পরিকল্পনাটি ছিল তাড়াহুড়া করে তৈরি করা। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনাকারী প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ৪২০ কোটি ডলারে বিক্রি করার কথা ছিল। উয়েফার অভিযোগ, এ দামে ফিফার সম্পদের মূল্যায়ন ‘অবাস্তবভাবে কম’ করা হয়েছিল।
উয়েফার আইনজীবীদের দাখিল করা নথিতে আরও অভিযোগ করা হয়েছে, প্রস্তাবিত বিক্রির প্রক্রিয়াটি কোনো উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে হয়নি। এমনকি কোনো স্বাধীন মূল্যায়নকারীর মাধ্যমেও এর বাজারমূল্য যাচাই করা হয়নি। ফলে পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা ও বাণিজ্যিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে উয়েফা।
বিতর্কিত এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের নাম সামনে এসেছিল। ফিফার পরিকল্পনা ছিল, নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ গঠন করে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম সেখানে নেওয়া। ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশের জন্য প্রায় ৪২০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ছিল।
উয়েফার অভিযোগ, ইনফান্তিনো নিজেও এই প্রক্রিয়া থেকে আর্থিকভাবে লাভবান হতে পারতেন।
জুলাইয়ের শেষ দিকে সামনে আসা এই পরিকল্পনা প্রস্তাব নিয়ে ফুটবল–বিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। উয়েফা বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কটের হুমকিও দেয়। পরে ফিফা সভাপতি পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দেন।
তবে ইনফান্তিনোর বিষয়ে উয়েফার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। উয়েফা চায় ইনফান্তিনো ফিফাপ্রধানের পদ ছেড়ে দিন, নয়তো আগামী বছরের সভাপতি নির্বাচনে তাঁকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এর মধ্যেই সামনে এল মামলার প্রস্তুতির খবর।