ইউরোপিয়ান ফুটবল: আবারও কি থ্রিলার উপহার দিতে যাচ্ছে আর্সেনাল–ম্যান সিটি
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন চলছে শেষ পর্বের খেলা। যেখানে সবচেয়ে বেশি উত্তেজনার আভাস মিলছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। আরও একবার এই লিগে জমজমাট শিরোপা–লড়াইয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের মতো লা লিগায়ও শেষ দিকে গিয়ে জমতে পারে লড়াই। এই লিগে শেষ পর্যন্ত দ্বৈরথটা দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যেই থাকার পথে। সিরি ‘আ’ ও বুন্দেসলিগায় শিরোপা জয়ের পথে আছে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। ফ্রেঞ্চ লিগ আঁতে এত দিন পর্যন্ত পিএসজির সঙ্গে সমানে সমান লড়েছে লাঁস। তবে ধীরে ধীরে ব্যবধান বাড়াতে শুরু করেছে লুইস এনরিকের দল।
লা লিগা
লা লিগায় লাগামটা এখন বার্সেলোনার হাতেই। পরশু রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লামিনে ইয়ামালের হ্যাটট্রিকে বার্সা জিতেছে ৪-১ গোলে। এই জয়ের পর বার্সার পয়েন্ট এখন ২৬ ম্যাচে ৬৪। এই সপ্তাহে রিয়াল নিজেদের ম্যাচটা খেলবে আজ রাতে।
হেতাফের বিপক্ষে এই ম্যাচের আগে রিয়ালের পয়েন্ট ২৫ ম্যাচে ৬০। অর্থাৎ আজ যদি রিয়াল জেতে, তবে বার্সার সঙ্গে আবার তাদের পয়েন্টের পার্থক্য নেমে আসবে ১–এ। কোনো কারণে রিয়াল যদি পয়েন্ট হারায়, তবে মৌসুমের এই পর্যায়ে এসে সেটি দলটির জন্য বড় ধাক্কাই হবে।
প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে আরও একবার রুদ্ধশ্বাস সমাপ্তি দেখার প্রস্তুতিটা চাইলে নিয়ে রাখতে পারেন। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক পারফরম্যান্স ও অবস্থান তেমন ইঙ্গিতই দিচ্ছে। গতকাল রাতে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে ২৯ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪।
এর আগে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারানো ম্যান সিটির পয়েন্ট ২৮ ম্যাচে ৫৯। অর্থাৎ আপাতত পয়েন্টের পার্থক্য ৫ হলেও সিটি কিন্তু এক ম্যাচ কম খেলেছে। সিটি নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ মার্চ রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। একই সময়ে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। সেই দুই ম্যাচের মাধ্যমে প্রিমিয়ার লিগের শিরোপা–লড়াইটা আরও স্পষ্ট হতে পারে।
সিরি ‘আ
সিরি ‘আ’তে নাটকীয় কিছু না হলে শিরোপাটা ইন্টার মিলানের হাতেই ওঠার কথা। ২৭ ম্যাচ শেষে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে ইন্টার। সর্বশেষ ম্যাচে জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে দলটি। একই রাউন্ডে জয় পেয়েছে দুইয়ে থাকা এসি মিলানও। তবে বাকি ১১ ম্যাচে ইন্টারের কাছ থেকে শীর্ষ স্থান ছিনিয়ে নিতে হলে এসি মিলানকে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ইন্টারের পতনের দিকেও।
বুন্দেসলিগা
সিরি ‘আ’র মতো বুন্দেসলিগার শিরোপাও একরকম নিশ্চিত হয়ে গেছে। ২৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থান থেকে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে বায়ার্ন। নিজেদের সর্বশেষ ম্যাচে ডর্টমুন্ডকেই ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন। এই হারই মূলত শিরোপার পথে অনেকটা এগিয়ে দিয়েছে ভিনসেন্ট কোম্পানির দলকে। ২৪ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৩, সমান ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৫২।
লিগ আঁ
ফ্রেঞ্চ লিগ আঁতে কদিন আগেও পিএসজির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ছিল লাঁস। কিন্তু যত দিন যাচ্ছে, লড়াই থেকে পিছিয়ে পড়ছে লাঁস। বিশেষ করে সর্বশেষ দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এখন বেশ চাপে আছে তারা। লাঁসের পয়েন্ট এখন ২৪ ম্যাচে ৫৩। সমান ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৭, যারা নিজেদের সর্বশেষ ম্যাচে লে হাভরেকে হারিয়েছে ১-০ গোলে।