মেসির ৯০০ গোল: রোনালদোর চেয়ে কত ম্যাচ কম খেলে করলেন

লিওনেল মেসি। আজ ন্যাশভিলের বিপক্ষে ম্যাচেএএফপি

ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে ৯০০ গোল করলেন লিওনেল মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ শেষ ষোলো ফিরতি লেগে আজ বাংলাদেশ সময় সকালে ন্যাশভিল এসসির সঙ্গে ১–১ গোলে ড্র করে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে মায়ামির হয়ে গোল করে দারুণ এ মাইলফলকের দেখা পান মেসি। তবে অ্যাওয়ে গোল নিয়মে মায়ামিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।

ন্যাশভিলের মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র করে মায়ামি। ঘরের মাঠে ফিরতি লেগে ন্যাশভিলের বিপক্ষে গোল হজমের খেসারত দিতে হলো হাভিয়ের মাচেরানোর দলকে। ৭৪ মিনিটে ন্যাশভিলকে সমতাসূচক গোলটি এনে দেন ক্রিস্টিয়ান এসপিনোজ্জা।
মায়ামির হয়ে এর আগে সর্বশেষ দুই ম্যাচে ৯০০ গোলের মাইলফলকের দেখা পাওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু গোল করতে না পারায় সেটা হয়নি। আজ বক্সে সুযোগ পেয়েই বাঁ দিকে মোচড় নিয়ে দারুণ শটে গোল করেন মেসি।

আর্জেন্টাইন কিংবদন্তির চিরপ্রতিদ্বন্দ্বী ৪১ বছর বয়সী রোনালদো ক্যারিয়ারে ১৩১২টি ম্যাচে ৯৬৫ গোল করেছেন। ৩৮ বছর বয়সী মেসির গোলসংখ্যা ১১৪২ ম্যাচে ৯০০টি। রোনালদোর ৯০০ গোল করতে লেগেছিল ১২৩৬ ম্যাচ। রোনালদোর চেয়ে ৯৪ ম্যাচ কম খেলে ৯০০ গোলের দেখা পেলেন মেসি।

ন্যাশভিলের বিপক্ষে গোল পেয়েছেন মেসি
এএফপি

সিনিয়র পর্যায়ে প্রথম গোলের ২১ বছর পর ৯০০তম গোলের দেখা পেলেন মেসি। বার্সায় ১৭ বছরের ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা ৭৭৮ ম্যাচে ৬৭২। পিএসজির হয়ে ৭৫ ম্যাচে করেছেন ৩২ গোল। এরপর ইন্টার মায়ামির হয়ে ৯৩ ম্যাচে করেছেন ৮১ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির গোলসংখ্যা ১৯৬ ম্যাচে ১১৫টি।

আরও পড়ুন

মেসি কীভাবে এত গোল করলেন

— বাঁ পায়ে ৭৫৫ গোল করেছেন মেসি।

— ডান পায়ে করেছেন ১১১ গোল। হেডে করেছেন ৩০ গোল এবং শরীরের অন্যান্য অংশের সাহায্যে করেছেন আরও ৪ গোল।

—বক্সের ভেতর থেকে ৭২৪ গোল করেছেন মেসি। বক্সের বাইরে থেকে করেছেন ১৭৬ গোল।

—পেনাল্টি থেকে করেছেন ১১২ গোল, ফ্রি–কিক থেকে ৭০টি। পেনাল্টি থেকে গোলসংখ্যা বাদ দিলে বক্সের ভেতরে ওপেন প্লে থেকে মেসির গোলসংখ্যা ৬১২। একইভাবে ৭০টি ফ্রি–কিক বাদ দিলে বক্সের বাইরে ওপেন প্লে থেকে মেসির গোলসংখ্যা ১০৬।

—মেসি যে দলগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন: সেভিয়া (২৫), অ্যাথলেটিক বিলবাও (২৪), আতলেতিকো মাদ্রিদ (২৩), ভ্যালেন্সিয়া (১৮), রিয়াল মাদ্রিদ (১৭) ও লেভান্তে (১৬)।

প্রথম আলো গ্রাফিকস

৯০০ গোল আছে আর কার

২০২৪ সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের হয়ে গোল করে ক্যারিয়ারে ৯০০ গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। ছেলেদের ফুটবলে শীর্ষ পর্যায়ে ন্যূনতম ৯০০ গোল করা ফুটবলার রোনালদো ও মেসি।

ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলে দাবি করেছিলেন, ব্রাজিল, সান্তোস ও নিউইয়র্ক কসমসের হয়ে ক্যারিয়ারে তাঁর মোট গোলসংখ্যা ১০০০–এর বেশি। কিন্তু অ্যাসোসিয়েশন ফুটবলে পরিসংখ্যানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফের পরিসংখ্যানবিদেরা জানিয়েছেন, পেলের মোট অফিশিয়াল গোলসংখ্যা ৭৭৮। ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিওর গোলসংখ্যা ৭৮৫। এখনো খেলে চলা ফুটবলারদের মধ্যে রোনালদো ও মেসির পরে গোলসংখ্যায় তৃতীয় বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি—৬৯০ গোল।

আরও পড়ুন

কত নম্বর জার্সিতে কত গোল মেসির

বার্সেলোনায় ৩০ নম্বর জার্সি পরে সিনিয়র পর্যায়ের ফুটবলে প্রথম গোল করেন মেসি। ৩০ নম্বর জার্সিতে মেসির মোট গোল ৪০টি। আইকনিক ১০ নম্বর জার্সিতে তাঁর গোলসংখ্যা ৮১৫। ১৯ নম্বর জার্সিতে করেছেন ৩৬ গোল এবং ১৮ নম্বর জার্সিতে ৯ গোল আছে তাঁর।

আর্জেন্টিনার হয়ে ১৮ নম্বর জার্সি পরেছেন মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ১৯ নম্বর জার্সিও পরেন। এ জার্সিতে আর্জেন্টিনার হয়ে করেছেন ২ গোল এবং বার্সার হয়ে ৩৪ গোল। ৩০ নম্বর জার্সিতে বার্সার হয়ে করেছেন ৮ গোল এবং পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনার হয়ে তাঁর গোলসংখ্যা ১০৪, বার্সার হয়ে ৬৩০ এবং মায়ামির হয়ে করেছেন ৮১ গোল।

প্রথম আলো গ্রাফিকস

নকআউট পর্বে কত গোল মেসির

ক্লাব ও জাতীয় দলের হয়ে নকআউট ম্যাচে ১৭৫ গোল মেসির। এর মধ্যে ১৬৪ গোল করেছেন ক্লাবের হয়ে, ১১ গোল আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে।

ফাইনালে মেসির গোলসংখ্যা ৩৫। এর মধ্যে ক্লাব ক্যারিয়ারে করেছেন ৩৩ গোল, আর্জেন্টিনার হয়ে ২ গোল। এর বাইরে কোয়ার্টার ফাইনালে মেসির গোলসংখ্যা ৩০—ক্লাব ক্যারিয়ারে ২৬টি, আর্জেন্টিনার হয়ে ৪টি। সেমিফাইনালে মেসির ২৭ গোলের ২৩টি ক্লাব ক্যারিয়ারে, ৪টি জাতীয় দলের হয়ে। শেষ ৩২–এ তাঁর গোলসংখ্যা ১৮—সব কটি গোলই করেছেন ক্লাবের হয়ে। এর বাইরে নকআউট প্রথম পর্বে ২ গোল আছে মেসির।

গোলের ব্যবচ্ছেদ

মেসি তাঁর খেলা এ পর্যন্ত ১১৪২ ম্যাচের মধ্যে ৫৪৯ ম্যাচে গোল পাননি। ৩৫৪ ম্যাচে করেছেন ১টি করে গোল। ২টি করে গোল করেছেন ১৭৮ ম্যাচে। ৫২ ম্যাচে করেছেন ৩টি করে গোল। ছয় ম্যাচে করেছেন ৪টি করে গোল। একাই ৫টি করে গোল করেছেন ২ ম্যাচে।

গোলের প্রভাব

২৯৪ বার দলের হয়ে প্রথম গোল করেছেন মেসি। ম্যাচের প্রথম গোল করেছেন ২২১ বার। মেসির ক্যারিয়ারে দ্রুততম পাঁচটি গোলের সব কটিই ম্যাচের প্রথম তিন মিনিটের মধ্যে এসেছে।

মেসির ৩২২ গোলে জয় পেয়েছে দল আর ৪৭৮ গোলে এগিয়ে গিয়েছে ম্যাচে। দল হেরেছে এমন ২৯টি ম্যাচে গোল করেছেন মেসি। ৮৫ গোলে ড্র হয়েছে ম্যাচ।

বেচারা গোলকিপার

ব্রাজিলিয়ান গোলকিপার ডিয়েগো আলভেস মেসির বিপক্ষে সবচেয়ে বেশি (২১) গোল হজম করেছেন। যৌথভাবে ১৮টি করে গোল হজম করে দুইয়ে স্পেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াস এবং একই দেশের সাবেক গোলকিপার গোরকা ইরাইজোজ। ১৭ গোল হজম করে তৃতীয় স্পেনেরই গোলকিপার আন্দ্রেয়াস ফার্নান্দেজ।

সুয়ারেজের পাস থেকে মেসি সবচেয়ে বেশি গোল করেছেন
এএফপি

সেরা উৎস সুয়ারেজ

মেসিকে দিয়ে গোল করানোয় (অ্যাসিস্ট) শীর্ষে তাঁর মায়ামি সতীর্থ ও বন্ধু উরুগুয়ে কিংবদন্তি লুইস সুয়ারেজ। ৪৭ গোল করিয়েছেন মেসিকে দিয়ে। দানি আলভেজ করিয়েছেন ৪২ গোল। ৩৬ গোল করিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা এবং জর্দি আলবা করিয়েছেন ৩৫ গোল।

প্রথম আলো গ্রাফিকস

কোন কোচের অধীনে কত গোল

কোচ পেপ গার্দিওলার অধীনে ২১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ২১১। স্প্যানিশ এ কোচের অধীনেই সবচেয়ে বেশি গোল মেসির। সেটা বার্সায় থাকতে। একই ক্লাবে কোচ লুইস এনরিকের অধীনে ১৫৮ ম্যাচে ১৫৩ গোল করেন মেসি। এনরিকের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ গোল মেসির। বার্সাতেই আর্নেস্তো ভালভের্দের অধীনে ১২৪ ম্যাচে করেছেন ১১২ গোল। ক্যারিয়ারে শুধু এই তিন কোচের অধীনেই ন্যূনতম শত গোল করেছেন মেসি।