মেসির দুর্বলতা খুঁজে পেয়েছেন ডাচ কোচ

লিওনেল মেসির দুর্বলতা খুঁজে পেয়েছে নেদারল্যান্ডসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসিকে নিয়ে আলাদাভাবে কাজ করবেন না, দুনিয়াতে এমন কোচ নেই। মেসির আর্জেন্টিনার সঙ্গে খেলা মানেই প্রতিপক্ষের কোচের তাঁকে নিয়ে আলাদা ভাবনা, আলাদা হোমওয়ার্ক। মেসিকে ঠেকানোর পরিকল্পনা এতটাই নিখুঁত হতে হয় যে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন প্রতিপক্ষের যেকোনো কোচের জন্য। আজ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচের আগে ঠিক এ ধরনের চাপই অনুভব করছেন ডাচ কোচ লুইস ফন গাল। তবে তাঁর কাছে স্বস্তির বিষয় হলো, আর্জেন্টাইন তারকার একটা দুর্বলতা ঠিকই খুঁজে পেয়েছেন তিনি।

নেদারল্যান্ডস কোচ লুই ফন গাল ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক
ছবি: এএফপি

ফন গালের কাছে মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি চান, মেসির দুর্বলতা কাজে লাগিয়েই কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে বাজিমাত করতে, ‘মেসি খুবই ভালো একজন খেলোয়াড়। সে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় আর্জেন্টিনার। অসম্ভব সৃষ্টিশীলও। সে গোলের অনেক সুযোগ তৈরি করতে পারে, গোলও করতে পারে। কিন্তু তাঁর একট দুর্বলতাও আছে। যখন সে প্রতিপক্ষের কাছে বল হারায়, তখন সে বলটা ফিরে পাওয়ার তেমন চেষ্টা করে না। আমাদের এই দুর্বলতাকেই ভালোভাবে কাজে লাগাতে হবে।’

মেসিকে কীভাবে ঠেকাবেন ফন গাল
ছবি: রয়টার্স

মেসিকে নিয়ে একটা চাপ থাকে প্রতিপক্ষের রক্ষণসেনাদেরও। এই যেমন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে মেসিকে আটকানোর পরিকল্পনা করেছেন। মেসিকে নিয়ে আলাদা করে কাজ করছেন। নিজের অভিজ্ঞতা থেকে তাঁর ধারণা, মেসি খুব সম্ভবত এ মুহূর্তে বিশ্বের সেরা ফরোয়ার্ড। অন্তত তাঁর দেখা। তবে আকে কেবল মেসিকে নিয়ে পড়ে থাকতে রাজি নন।

তিনি মনে করেন, মেসিকে নিয়ে অতিরিক্ত ভাবনার সুযোগটা আর্জেন্টিনার অন্য খেলোয়াড়েরা নেন দারুণভাবে। খেলার সময় মেসির দিকে চোখ রাখতে রাখতে প্রতিপক্ষের ডিফেন্ডাররা আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়ের দিকে সেভাবে মনোযোগ দেন না। সুযোগটা তাঁরা নেন তখনই। এবারের বিশ্বকাপেই এমনটা হয়েছে। হুলিয়ান আলভারেজ যেমন মেক্সিকো আর পোল্যান্ড ম্যাচে দুটি গোল করে সেটির প্রমাণ রেখেছেন।