কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান, নিরপেক্ষ ভেন্যুর দাবি
সূচি অনুযায়ী, ১৯ মে ফেডারেশন কাপের ফাইনাল কিংস অ্যারেনায়। তবে বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে অস্বীকৃতি জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক চিঠিতে তারা ম্যাচটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে।
মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে ভেন্যু পরিবর্তনের বিষয় লেখা হয়, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এবং ক্লাবের অগণিত সমর্থক অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করে যে ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬–এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।’
কিংস অ্যারেনায় খেলতে না চাওয়ার পেছনে মাঠটিতে অতীতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করেছে মোহামেডান। চিঠিতে বলা হয়েছে, ‘বিগত বিপিএলের একাধিক খেলায় বসুন্ধরার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি মারমুখী ও বিরূপ আচরণ পরিলক্ষিত হয়েছে, যা ইতিপূর্বে দুটি চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।’ সেই ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর’ ফাইনালের জন্য নিরপেক্ষ ভেন্যু চায় মোহামেডান।
ভেন্যু নিয়ে মোহামেডানের অনড় অবস্থানের কথা প্রথম আলোকে জানিয়েছেন দলটির টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদও। মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লায়ও ম্যাচটি না হোক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজনে গাজীপুরে গিয়ে খেলব কিংবা মুন্সিগঞ্জে। মানিকগঞ্জেও হতে পারে। যদি ফাইনালে আবাহনী উঠত বা অন্য কোনো দল, তাহলে কিংস অ্যারেনায় খেলতাম। কিন্তু ওটা (কিংস অ্যারেনা) তো তাদের (বসুন্ধরা কিংস) হোম ভেন্যু।’
মোহামেডানের চিঠি নিয়ে বাফুফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।