জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর
ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেও চূড়ান্ত শাস্তির বিষয়ে তখন কিছু জানায়নি। রোনালদো জাতীয় দল ছেড়ে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পর গতকাল তাঁকে ৩০ দিন নিষিদ্ধ করার পাশাপাশি ২৫৫ ইউরো (৩৫ হাজার ৩০০ টাকা) জরিমানা করে এফপিএফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর জরিমানার এই অঙ্ক নিয়ে রীতিমতো হাস্যরস চলছে। এক্সে এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘রোনালদো সৌদি আরবে প্রতি মিনিটে উপার্জন করে ৩৫০ ইউরো আর সেখানে পর্তুগাল তাঁকে ২৫৫ ইউরো জরিমানা করেছে। ভাঁড়!’
এমন আরও অনেক হাস্যরসাত্মক তির্যক মন্তব্য চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তিন দিন আগে ‘ফোর্বসে’র জরিপে ২০২৬ সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের সিংহাসনও অক্ষত রয়েছে রোনালদোর। মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে সেখানে তাঁর আয় দেখানো হয় ৩০ কোটি ডলার। এমন একজন ফুটবলারকে মাত্র ২৫৫ ইউরো জরিমানা করায় বিস্ময়ের সঙ্গে সবার একটু মজা করাও স্বাভাবিক।
পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোয়া’ ও সেই মজাটাই করেছে। তারা হিসাব করে বের করেছে জরিমানার এই অর্থ পরিশোধ করতে রোনালদোর কতক্ষণ লাগতে পারে।
গত বছর জুনে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেন রোনালদো। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই চুক্তির অধীন আল নাসরে বছরে রোনালদোর মূল বেতন প্রায় ২০ কোটি ৮০ লাখ ইউরো। বোনাস এবং অন্যান্য বিষয় মিলিয়ে অঙ্কটা ২৫ কোটি ইউরোর কাছাকাছি। এই হিসাবে আল নাসরে রোনালদোর প্রতি দিনের আয় প্রায় ৫ লাখ ৮০ হাজার ১১২ ইউরো।
অর্থাৎ এফপিএফের জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে রোনালদোর সময় লাগে মাত্র ৩৮.৬ সেকেন্ড। শতকরা হিসেবে, ২৫৫ ইউরো ৪১ বছর বয়সী তারকার বার্ষিক বেতনের মাত্র ০.০০০১২%।
সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রোনালদো অভিযোগ করেন, দলে তাঁর ভূমিকা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি দুবার ভঙ্গ করেছেন জেসুস। পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে কোচের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন রোনালদো।
পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্প থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার ঘটনায় এফপিএফের নিয়মে এক থেকে ছয় মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হতে পারে। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় রোনালদো সেই শাস্তিই পেলেন।