এশিয়ার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন
ডেভিড বনাম গোলিয়াথ লড়াই? তা বলাই যায়। ছয় মাস আগেই কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও ২–০ গোলের সহজ জয় পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন সামনে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে তাকালে দুই দলের শক্তিমত্তায় আলোকবর্ষ দূরের পার্থক্যটা বোঝা যায়। আর্জেন্টিনা এ মুহূর্তে র্যাঙ্কিংয়ে শীর্ষে আর ইন্দোনেশিয়া ১৪৯তম। লিওনেল স্কালোনির দল আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জাকার্তার গেলোরা বুং কর্ণ স্টেডিয়ামে নামার আগেই এই প্রীতি ম্যাচের ফলটা হয়তো আন্দাজ করে নিয়েছেন অনেকেই।
তবে কারও কারও মনে প্রশ্ন জাগতে পারে, আর্জেন্টিনা কি এই প্রথম ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে? দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ খুব কম হবে, এমনটা ভেবে নেওয়া অস্বাভাবিক কিছু নয়। ইতিহাস বলছে, আর্জেন্টিনা জাতীয় দল এই প্রথম ইন্দোনেশিয়া জাতীয় দলের মুখোমুখি হবে। তবে মূল জাতীয় দলের বাইরে বিবেচনা করলে আর্জেন্টিনা–ইন্দোনেশিয়া ম্যাচের নজির আছে, সেটা ১৯৭৯ সালে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে।
১৯৭৯ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত সে ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল। হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার রামন দিয়াজ। জোড়া গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ভ্রুকুটি নয়, ঠিকই পড়েছেন। ১৯৭৯ সালে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানোর পথে সেরা খেলোয়াড় হয়েছিলেন দেশটির ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ১৯৭৯ যুব বিশ্বকাপে ম্যারাডোনা একাই করেছিলেন ৬ গোল। যদিও সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন দিয়াজ।
ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড়দের জাতীয় দল যেহেতু এর আগে কখনো মুখোমুখি হয়নি, তাই কেউ কেউ ভাবতে পারেন, এশিয়ার দলগুলোর বিপক্ষে মেসিদের পারফরম্যান্স কেমন। জানিয়ে রাখা ভালো, লিওনেল মেসি আজকের ম্যাচে খেলছেন না। ছুটি নিয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। সে যা–ই হোক, এশিয়ার দলগুলোর বিপক্ষে এ পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে জাপানের বিপক্ষে খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৬ জয়ের পাশাপাশি ১ ম্যাচ হেরেছে আর্জেন্টিনা।
এশিয়ার মোট ১১ প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। জাপানের পর ইসরায়েল ও সৌদি আরবের বিপক্ষে বেশি ম্যাচ খেলেছে লাতিন আমেরিকার দলটি। সৌদি আরবের বিপক্ষে পাঁচবারের লড়াইয়ে ২ জয় ও ২ ড্রয়ের পাশাপাশি ১ হার আর্জেন্টিনার। সেই হারের স্মৃতি খুব বেশি পুরোনো হয়নি। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছিল আর্জেন্টিনা। পরে অবশ্য চ্যাম্পিয়ন হন মেসিরা। ইসরায়েলের বিপক্ষে ৫ ম্যাচে ৩ জয়ের পাশাপাশি ১টি করে ম্যাচে ড্র ও হেরেছে আর্জেন্টিনা।