এমন দিনও দেখতে হলো! একটা গোলের জন্য হাপিত্যেশ করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে!
পর্তুগিজ তারকার ভক্তরা এমন ভাবতেই পারেন। প্রতি মৌসুমে গোলসংখ্যাকে এক সময় অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রোনালদো। সেটি লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ফসল। লিগ আলাদা হয়ে গেলেও প্রতিদ্বন্দ্বিতা এখন যে একদম নেই, তা নয়।
কিন্তু বয়স তো হয়েছে, ৩৭ বছর পূর্ণ করেছেন গত ফেব্রুয়ারিতে। এই বয়সে রোনালদোর গোলসংখ্যা কমাই স্বাভাবিক। তাই বলে এতটা! কাল রাতে এই মৌসুমের ৮ম ম্যাচ খেলতে নেমে দেখা পেলেন প্রথম গোলের।
ইউরোপা লিগে শেরিফ তিরাসপোলের মাঠে ২–০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ মিনিটে চমৎকার দলীয় সমন্বয় থেকে গোল করেন ইউনাইটেড তারকা জেডন সানচো। রোনালদো পেনাল্টি থেকে গোল করেন ৩৯ মিনিটে।
দিওগো দালতকে নিজেদের বক্সে ফেলে দিয়ে পেনাল্টির অপরাধ করেন তিরাসপোল ডিফেন্ডার প্যাট্রিক পোজো। ইউরোপা লিগে এটাই প্রথম গোল রোনালদোর। জয়ের পর তাঁর টুইট, ‘গোল করে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছি।’
ক্যারিয়ারে এই নিয়ে ৬৯৯ গোল করলেন রোনালদো। এর মধ্যে শেষ গোলটি তাঁর ফর্মে ফেরার জন্য দরকার ছিল বলে মনে করেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ, ‘গোলটা দরকার ছিল। সে (এ মৌসুমে) গোলের খুব কাছে গিয়েও পায়নি। একটা গোল দরকার ছিল তাঁর জন্য এবং দলের সবাই তাঁকে গোলটা এনে দেওয়ার চেষ্টাই করেছেন। আর পেনাল্টি থেকে রোনালদো গোল করবে, এটা সবাই জানে। গোলটা সে পাওয়ায় আমরা খুশি হয়েছি।’