চ্যাম্পিয়নস লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত আর্সেনাল, রেকর্ড কোন দলের
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানো থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আর্সেনাল। এই ড্র ঘরের মাঠ এমিরেটসে দ্বিতীয় লেগের ম্যাচে কিছুটা এগিয়ে রাখবে মিকেল আরতেতার দলকে।
এই ম্যাচে আতলেতিকোকে হারাতে পারলে ২০০৫–০৬ মৌসুমের পর আবারও ফাইনালের ওঠার স্বাদ পাবে আর্সেনাল। পাশাপাশি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের অপরাজেয় যাত্রাকে আরও দীর্ঘায়িত করতে পারবে তারা।
আতলেতিকোর বিপক্ষে প্রথম লেগে ড্র করার মধ্য দিয়ে আর্সেনাল নিজেদের অপরাজেয় যাত্রাকে ১৩ ম্যাচে নিয়ে গেছে। এর আগে ২০০৫–০৬ মৌসুমে ফাইনালে ওঠার পথেও ১৩ ম্যাচে অপরাজিত ছিল গানাররা।
পরের ম্যাচ দিয়ে নিজেদের সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে আর্সেনালের। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার তালিকায় নিজেদের অবস্থান আরও ওপরে নিয়ে আসতে পারবে তারা।
টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনাল বর্তমানে আছে তালিকার ১৬ নম্বরে। আর্সেনালের সমান ম্যাচে অপরাজিত ছিল লিভারপুল, পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আগামী দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করলে ১৫ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষ দশে উঠে আসবে এমিরেটসের দলটি।
এই তালিকায় সবার ওপরে আছে স্যার আলেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে যারা টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল। ইউনাইটেডের এই যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে স্পোর্তিং লিসবনের বিপক্ষে গ্রুপ পর্বে জয়ের মাধ্যমে, আর শেষ হয় ২০০৯ সালের ফাইনালে বার্সেলোনার কাছে হারের মাধ্যমে। এই সময়েই ২০০৮ সালে তারা চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জেতে।
দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তারা টানা ২২ ম্যাচ অপরাজিত ছিল। পাশাপাশি ২০২৩ সালে তারা চ্যাম্পিয়নস লিগও জিতেছিল। বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগে টানা দুইবার ১৯ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে।
২০১৯ থেকে ২০২১ এবং ২০০১ থেকে ২০০২ সময়কালে এমনই অপ্রতিরোধ্য ছিল তারা। একইভাবে আয়াক্স ১৯৯৪–৯৬ সময়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত ছিল। তবে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ অবশ্য ১৫ ম্যাচের বেশি অপরাজিত থাকতে পারেনি। ২০১৬–১৭ মৌসুমে এই কীর্তি গড়ে তারা।