শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের

চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন সাদ উদ্দিন।শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। বাংলাদেশের ফুটবলে উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে। পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তাঁর।

এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন তিনি। তাঁর ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।

ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি। আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কোচের সেই আশঙ্কাই সত্যি হলো।

সাদ উদ্দিন
ফেসবুক


এদিকে আজ সকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা হোটেলে বিশ্রাম ও পুনর্বাসনে ছিলেন। অন্যরা অনুশীলন করেছেন।
এর মধ্যে অবশ্য স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন দুজন।

আরও পড়ুন