গোল করেই গর্তে গায়েব

উদ্‌যাপন করতে গিয়ে গায়েব হয়ে যান ব্রাজিলিয়ান ফুটবলারভিডিও থেকে নেওয়া ছবি

ফুটবল মাঠে সব গোলই উৎসবের, তবে সেন্টারব্যাকদের জন্য সেটা একটু বেশিই। বছরে হয়তো আসে একটা-দুটো, তাও পেলে মনে হয় বিশ্বকাপ জেতা হয়ে গেল।

করিতিবার জেসি মারানহাওয়ের কাছে পরশু রাতটা ঠিক তেমনই এক উপলক্ষ হয়ে আসার কথা ছিল। ব্রাজিলের শীর্ষ লিগে শাপেকোয়েন্সের বিপক্ষে ৪১ মিনিটে হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দিলেন ১-০ গোলে। তারপর যা করলেন, সেটাই এখন পুরো ম্যাচের চেয়ে বেশি আলোচিত।

উদ্‌যাপনের নেশায় সীমানার বিজ্ঞাপন-বোর্ড টপকে দর্শকদের দিকে ছুটলেন মারানহাও। কিন্তু বোর্ডের ওপাশে অপেক্ষা করছিল বিপক্ষ দলের ড্রেসিংরুমে যাওয়ার সুড়ঙ্গপথ—আর সেই ফাঁদেই সটান পড়ে গেলেন তিনি। গর্ত থেকে টেনেটুনে উঠলেন বটে, কিন্তু গোড়ালির চোট নিয়েই। বিরতির পরপরই ছাড়তে হলো মাঠ।

আর সবচেয়ে নিষ্ঠুর মোচড়টা এল তার পরে—ভিআর বাতিল করে দিল সেই গোল। অর্থাৎ যে আনন্দের জন্য পড়ে গিয়ে পা মচকালেন, স্কোরবোর্ডে তার কোনো চিহ্নই রইল না। করিতিবা অবশ্য শেষ পর্যন্ত জিতেছে ২-১ গোলে, তাই ফলটা অন্তত সান্ত্বনা হয়ে থাকল।

ম্যাচ শেষে মারানহাও নিজেই হাসতে হাসতে বললেন, পায়ে একটু টান লেগেছে, তবে ঠিক আছি। ব্যাখ্যাটাও দিলেন অকপটে—সেন্টারব্যাকরা তো গোল পায় না বললেই চলে, তাই একটা পেয়ে গেলে মাথা ঠিক রাখা কঠিন হয়ে পড়ে!

করিতিবার কোতো পেরেইরা স্টেডিয়ামের এই সুড়ঙ্গ-ফাঁদ অবশ্য নতুন কিছু নয়। ২০১৪ সালে সাও পাওলোর বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ঠিক এই একই জায়গায় হারিয়ে গিয়েছিলেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জোয়েল।

আরও পড়ুন