ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের এই ম্যাচটা আবাহনী লিমিটেডের জন্য ছিল বাঁচা–মরার লড়াই। শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লুডির বিপক্ষে জয়ই ছিল একমাত্র লক্ষ্য। কিন্তু মাঠের লড়াইয়ে সেই লক্ষ্য পূরণ হলো না। আবদুল্লাহর একমাত্র গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল গতবারের রানার্সআপরা।
দিনের অন্য ম্যাচে কুমিল্লায় ফকিরেরপুল ইয়ংমেনসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ। ফলে পিডব্লুডির সঙ্গে সমান ৬ পয়েন্ট হলেও গোলগড়ে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে পুরান ঢাকার দলটি।
গ্রুপ ‘এ’ থেকে ব্রাদার্স ইউনিয়ন আগেই ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ দিনে মূলত আবাহনী ও রহমতগঞ্জের মধ্যে দ্বিতীয় টিকিটের লড়াই ছিল। আবাহনী ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পিছিয়ে ছিল, রহমতগঞ্জের ছিল ৫ পয়েন্ট। সমীকরণ ছিল—রহমতগঞ্জ জিতলে আবাহনীর বিদায় নিশ্চিত। তবে আবাহনীর সামনে সুযোগ ছিল নিজেদের ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার। কিন্তু ৬৬ মিনিটে গোল হজম করে বসে তারা। শেষ পর্যন্ত আর শোধ করতে না পারায় ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েই বিদায় নিতে হলো মারুফুল হকের দলকে।
অন্যদিকে ৪ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া পিডব্লুডি তাকিয়ে ছিল কুমিল্লার ম্যাচের দিকে। ফকিরেরপুল জিতলে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু গোলশূন্য ড্র হওয়ায় গোলগড়ে পিছিয়ে থেকে বিদায় নিতে হলো তাদেরও।
গ্রুপ ‘বি’ থেকে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে। আগামী ৫ মে এলিমিনেশন ম্যাচে মুখোমুখি হবে দুই গ্রুপ রানার্সআপ মোহামেডান ও রহমতগঞ্জ। একই দিনে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। ফাইনাল ১৯ মে।
শেষ চারে যারা
গ্রুপ ‘এ’
চ্যাম্পিয়ন: ব্রাদার্স ইউনিয়ন
রানার্সআপ: রহমতগঞ্জ
গ্রুপ ‘বি’
চ্যাম্পিয়ন: বসুন্ধরা কিংস
রানার্সআপ: মোহামেডান