বিশ্বকাপের আগে জোড়া গোলে বার্তা দিলেন মেসি

মেসির গোল উদ্‌যাপনইনস্টাগ্রাম/মেসি

বিশ্বকাপের আগমুহূর্তে নিজের সেরা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করার পথে এবার মেসি করলেন জোড়া গোল। হ্যাটট্রিকও পেতে পারতেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু ম্যাচের শেষ গোলটা আত্মঘাতী হিসেবে ধরায় সেটি হয়নি।

মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোরে সিনসিনাটিকে ৫–৩ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে ২ গোল করার পাশাপাশি মোট ৪টি গোলে অবদান রাখেন মেসি। বিশ্বকাপের আগে তাঁর এমন ফর্মে নিশ্চয়ই খুশি হবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

সিনসিনাটির মাঠে ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মেসি। গোল করে দলকে এগিয়ে দেন ১–০ গোলে। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়ে ৪৯ মিনিটের মধ্যে ২–১ গোলের লিড নেয় সিনসিনাটি।

আরও পড়ুন

তবে ৫৫ মিনিটে দলীয় আক্রমণ থেকে অসাধারণ ফিনিশিংয়ে মায়ামিকে আবারও সমতায় ফেরান মেসি। উত্থান–পতনের ম্যাচে ৬৪ মিনিটে গোল হজম করে আবার লিড হারায় ইন্টার মায়ামি। তবে মায়ামিকে আবার সমতায় ফেরার পথ তৈরি করে দেন মেসিই।

সতীর্থদের সঙ্গে মেসির গোল উদ্‌যাপন
ইনস্টাগ্রাম/মেস

৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে সিনসিনাটি গোলরক্ষকের ভুলে বল পেয়ে মায়ামিকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে। আর ৮৯ মিনিটে সিনসিনাটির ফেরার রাস্তা বন্ধ করে দিয়ে গোল পায় মায়ামি। মেসির শট পোস্টে লেগে জালে জড়ানোর আগে গোলরক্ষকের গায়েও লেগেছে। কাগজে–কলমে আত্মঘাতী গোলের স্বীকৃতি পেলেও এই গোলটি একরকম মেসিরই।

শুরুতে মেজর লিগ সকারের অফিশিয়াল এক্স পেজ থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম এ গোলকে মেসির বলেই দেখায়, কিন্তু পরে গোলটি আত্মঘাতী হিসেবে দেখানো হয়।

এর আগে লিগে আগের দুই ম্যাচেও গোল করেন মেসি। সব মিলিয়ে মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে মেসির গোল ৪টি। পাশাপাশি ৪টি গোলও করিয়েছেন। ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা এখন ৯০৯। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১২ গোল এবং ৪টি গোল করিয়েছেন মেসি। তবে এমএলএসেই তাঁর গোল ১২ ম্যাচে ১১টি।

এ জয়ে এমএলএস পয়েন্ট তালিকায় মায়ামি এখন দ্বিতীয়। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। এক ম্যাচ কম খেলে ন্যাশভিলের পয়েন্ট ২৭। ম্যাচ শেষে মেসি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ জয়।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের ও দলের উদ্‌যাপনের ছবিও।
১৮ মে বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি পরের ম্যাচ খেলবে পোর্টল্যান্ডের বিপক্ষে।