২১ হাজার ৮০৭ কোটি টাকা ঢেলে কী পেল পিএসজি

ইউরোপে ব্যর্থ পিএসজিএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে প্যারিসে নিউক্যাসল বনাম পিএসজি ম্যাচ। ঘরের মাঠে শুরুটা ভালোই করেছিল পিএসজি। প্রথম দিকে কয়েকটি সুযোগও পায় তারা। যদিও তখন গোল পায়নি। পিএসজি না পারলেও নিউক্যাসল ঠিকই ম্যাচের ২৪ মিনিটে আদায় করে নেয় গোল। আলেক্সান্দার ইসহাকের গোলে এগিয়ে যায় ‘ম্যাগপাই’রা। এরপর শুরু হয় ম্যাচে ফিরতে পিএসজির মরিয়া চেষ্টা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়েও গোলের দেখা পাচ্ছিল না লুইস এনরিকের দল। শেষ পর্যন্ত ঠিকই হার এড়িয়েছে তারা; কিন্তু যেভাবে গোলটি এসেছে তা ছিল পুরোপুরিই বিতর্কিত।

বক্সের ভেতর উসমান দেম্বলের শট লাগে টিনো লিভরামিন্তোর হাতে। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। রিপ্লেতে অবশ্য দেখা যাচ্ছিল দেম্বেলে ও লিভরামেন্তো কাছাকাছি অবস্থানে ছিলেন। ফলে দেম্বেলে যে জায়গা থেকে শট নেন সেখানে দ্রুত প্রতিক্রিয়া দেখানো ছিল কঠিন। যে কারণে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে অনেক।

আরও পড়ুন

এমনকি পরের ম্যাচের দায়িত্ব থেকে সেই রেফারিকে সরিয়েও দেওয়া হয়। সেদিন এত নাটকীয়তার পর ম্যাচ ড্র করতে না পারলে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে নিয়ে আরও একটি এপিটাফ লেখার প্রস্তুতি নিতে হতো। এখনো অবশ্য পুরোপুরি নিশ্চিত নয় কিছু। তবে ব্যাটনটা পিএসজির হাতেই আছে। তবে শেষ পর্যন্ত পিএসজির তরি পার হলেও সামনে পথটা যে অনেক কঠিন তা বলাই বাহুল্য।

ব্যর্থতার এই চিত্র অবশ্য পিএসজির জন্য নতুন কিছু নয়। ইউরোপিয়ান সাফল্যের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও এখন পর্যন্ত পিএসজির সর্বোচ্চ অর্জন একবার ফাইনাল খেলা। এ ছাড়া প্রতিবার আশা জাগালেও প্রতিবার তা হতাশায় মুড়েই শেষ হয়েছে। অথচ চ্যাম্পিয়নস লিগ সাফল্যের জন্য পিএসজি এখন পর্যন্ত স্কোয়াডের পেছনে খরচ করেছে ১.৮৩ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮০৭ কোটি টাকা)।

নেইমার, এমবাপ্পে ও মেসিও পারেননি পিএসজিকে ইউরোপে সাফল্য এনে দিতে
এএফপি

ইউরোপিয়ান ফুটবলে নতুন বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস পিএসজির নিয়ন্ত্রণ নেয় ২০১২ সালে। সেরা দলটি গড়ে সাফল্য লাভের আশায় তারা শুরু থেকেই ক্লাবের পেছনে পানির মতো টাকা ঢেলেছে। অর্থের ঝনঝনানিতে গত ১১ বছরে একের পর সেরা তারকাদের দলেও ভিড়িয়েছে তারা। যে তালিকায় জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, আনহেল দি মারিয়া, নেইমার, কিলিয়ান এমবাপ্পে এমনকি লিওনেল মেসির মতো তারকাও ছিলেন।

সব মিলিয়ে দলবদলের বাজারে ক্লাবটি খরচ করেছে ১.৮৩ বিলিয়ন ইউরো। এর অর্থ হচ্ছে কিউএসআই দায়িত্ব নেওয়ার পর কেবল তিনটি ক্লাব তাদের চেয়ে বেশি খরচ করেছে। আর নেট খরচ হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় ১.১১ বিলিয়ন ইউরো। আর এ তালিকায়ও পিএসজির অবস্থান চতুর্থ। কিন্তু এত খরচের পরও অর্জনের টালি খাতায় শুধুই একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বাকি মৌসুমগুলোতে জুটেছে কেবলই হতাশা।

আরও পড়ুন

কিউএসআই দায়িত্ব নেওয়ার গত ১১ বছরে পিএসজি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে মাত্র ৪ মৌসুমে। সেমিফাইনালে খেলেছে একবার এবং একবার খেলেছে ফাইনালে। ২০২০ সালের সেই ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে তারা হেরেছে ১–০ গোলে। সবচেয়ে হতাশার ব্যাপার হচ্ছে, শেষ ১১ মৌসুমে সব মিলিয়ে ৫ বার শেষ ষোলোর বাধা পেরোতে ব্যর্থ হয়েছে পিএসজি। এমনকি ইউরোপিয়ান মঞ্চের অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায়ও পিএসজির পারফরম্যান্স খুবই সাদামাটা।

আরও পড়ুন

২০১২ সালের পর রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলেছে ৫ বার এবং লিভারপুল ফাইনাল খেলেছে ৩ বার। এ ছাড়া ২ বার করে ফাইনাল খেলেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস। এই দলগুলোর মধ্যে কেবল ম্যান সিটি পিএসজির চেয়ে বেশি অর্থ খরচ করেছে। অনেক খরচ করেও না পাওয়ার দৌড়ে পিএসজির চেয়ে এগিয়ে আছে কেবল ম্যানেচস্টার ইউনাইটেড। তারা অবশ্য অনেক সময় মূল পর্বেই জায়গা করতে পারেনি। তবে পিএসজি এবং ইউনাইটেডের লক্ষ্যটা ছিল ভিন্ন। ইউনাইটেডের লড়াইটা ছিল মূলত একটা সুদৃঢ়–দীর্ঘস্থায়ী দল গড়ার দিকে। আর পিএসজি চেয়েছিল তাৎক্ষণিক সাফল্য। তাই তাদের না পাওয়ার হাহাকারটাও যেন অনেক বেশি।