বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার
জোসে মরিনিওর সংবাদ সম্মেলনে উত্তর রয়েছে এই প্রশ্নের। পিএসভিকে ৫–১ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদের কোচ বলেছেন, ‘আমার কাছে সে বিশ্বের সেরা মিডফিল্ডার। সে ১০ নম্বর হিসেবে খেলতে পারে, ৮ নম্বর হিসেবেও পারে। যে কারণে ব্যালন ডি’অরের আলোচনায় ওর সেরা দশে না থাকাটা একটা কেলেঙ্কারি।’
মরিনিও এ কথা বলেন গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে জয়ের পর। গত ২৬ অক্টোবর দেওয়া সর্বশেষ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় বেলিংহামের শীর্ষ দশে জায়গা না পাওয়া নিয়ে তখনই আলোচনা হয়েছিল। পিএসভির বিপক্ষে ইংলিশ মিডফিল্ডারের অবিশ্বাস্য গোলের পর কথাটা ভরা মজলিশেই বলে ফেলেন মরিনিও।
বেলিংহামের গোল নাকি গোলটি দেখে রাফায়েল নাদাল এবং তাঁর ছেলের উদ্যাপন—কোনটি বেশি সুন্দর? তা নিয়েও আলোচনা হতে পারে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল তখন ১–১ গোলে সমতায়। বক্সের বাইরে বল পেয়ে শূন্যের ওপরই প্রথম দুই টাচে ভলি করার মতো সুবিধাজনক পজিশন বের করে নেন বেলিংহাম। এরপর তাঁর ডান পায়ের ভলি, পিএসভি গোলকিপার মাতেজ কোভেরের অসহায়ের মতো দর্শক বনে যাওয়া এবং গোল!
কেউ কেউ এই গোলে রিয়ালে জিদানের সময়েও ফিরে গেছেন। ফরাসি কিংবদন্তিকে ওই সাদা জার্সিতে ভলিতে গোলের পাশাপাশি বল শূন্যের ওপর রেখেই ছোট ছোট টাচে দৌড়াতে দেখা যেত। গোলের আগে বেলিংহামের মুভও অনেকটাই অমন ছিল। রিয়ালে দুজনের জার্সি নম্বরও ৫! কাল রাতের ম্যাচের পর তুলনাটা তাই উঠতই।
কিন্তু বেলিংহামের সোজা কথা, ‘আমার মনে হয় জিদান আমার চেয়ে অনেক ভালো খেলোয়াড়। তাঁর খেলা অনেক বেশি আকর্ষণীয় এবং তিনি আমার আদর্শ।’
বেলিংহামের খেলাও যে কম আকর্ষণীয় নয়, সেটা না বুঝলে আন্দাজ করে নিতে পারেন বার্নাব্যুর গ্যালারিতে এক বিখ্যাত বাবা এবং তাঁর ছোট্ট ছেলের উদ্যাপনে। বেলিংহামের ভলিতে গোল হতেই টেনিস কিংবদন্তি ও রিয়ালের পরিচালক নাদাল ছেলের দিকে এমনভাবে তাকালেন যেন অনুচ্চারে বলতে চাইলেন, ‘এটা কী হলো!’
ছেলেও বিস্ফোরক চোখে জায়ান্টস্ক্রিনে গোলটি দেখে এমনভাবে হাত নাড়াল, যা দেখে মনে পড়তে পারে এ চ্যাম্পিয়নস লিগেই গ্যারেথ বেলের বাইসাইকেল কিকে গোলের পর জিদানের হাত নাড়িয়ে সেই উদ্যাপনকে। কিংবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে টনি ক্রুসের সেই ‘স্নাইপার’সুলভ পাসে ভিনির গোলের বেলিংহামের উদ্যাপনকে। সাধারণ আগুনে ছ্যাঁকা খেলে লোকে ওভাবে হাত নাড়ায়। হ্যাঁ, বেলিংহামের গোলও ছিল আগুনের মতোই ভয়ংকর সুন্দর!
তারপর গোল উদ্যাপনে যখন এক হাত তুলে চিরাচরিত সেই ‘ট্রেডমার্ক’ উদ্যাপন করছিলেন বেলিংহাম, বার্নাব্যুর ভরা গ্যালারি তখন বিটলসের সুরে উন্মাতাল, ‘হেই জুড!’
রিয়ালের এই জুড অবশ্য গোলটিতে বিষ্মিত, ‘সত্যি বলতে, আমিও কিছুটা অবাক হয়েছি। ভেবেছিলাম বলটা নিয়ন্ত্রণে নিয়ে নিজের কাছে রাখব। সাধারণত ওই পজিশন থেকে আমি কাউকে (পাস) বাড়ানোর সুযোগ খুঁজি। কিন্তু বলটা এত দারুণভাবে (পায়ের ওপর) পড়ল যে মনে হলো শটই নিই। গোলটা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, দ্বিতীয় গোলটি আমাদের ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেয়।’
রিয়ালের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে এটা বেলিংহামের চতুর্থ গোল। মৌসুমের অনেকটা পথ বাকি থাকলেও অনেকেরই কাছে এটাই রিয়ালের মৌসুমসেরা গোল।
বেলিংহাম সত্যিই কি সেরা
সর্বশেষ ব্যালন ডি’অরে ভোটাভুটি ভিন্ন কথা বলে। সেখানে তালিকার ১১ নম্বরে ছিলেন বেলিংহাম। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে রদ্রি (চতুর্থ), ফাবিয়ান রুইজের (দশম) পেছনে থেকে তৃতীয় হন। তবে স্পেনের এ বছর বিশ্বকাপ জয় ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাবও ফেলেছে।
কিন্তু গতকাল রাতে বার্নাব্যুর দর্শকদের কারও পক্ষেই বেলিংহামকে এ মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে মানতে দ্বিধা করার কথা নয়। ৪৬ মিনিটে চুয়ামেনির বদলি হিসেবে নেমেই ম্যাচে গতি বাড়ান ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার। লড়াকু মানসিকতা, অক্লান্ত পরিশ্রম ও দলকে জেতানোর অদম্য ক্ষুধায় পাল্টে দেন রিয়ালের খেলার ধাঁচ। এরপর ওই গোলটি তো ছিলই, যেটা দেখে বার্নাব্যুর গ্যালারির থেকে স্ক্রিনের সামনেও অনেকেই বিষ্ময়ে হতবাক হন। এর আগে এএকের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাকহিল ফ্লিকে গোল করেন বেলিংহাম। চ্যাম্পিয়নস লিগে ব্যক্তিগত ‘মৌসুমসেরা গোলের’ দৌড়ে এবার যোগ হলো তাঁর এই গোলটিও।
রিয়ালের হয়ে বেলিংহামের ৫৩তম গোলটি দেখে ম্যাচ শেষে মরিনিও বলেছেন, ‘জুড অসাধারণ খেলোয়াড় এবং ওর মধ্যে সব গুণ আছে—শারীরিক সামর্থ্য, কৌশলগত বোধ, দূরদর্শিতা... ওর কাছে সবকিছু আছে। একা না হলেও আজ ও-ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
পরে ভিনিসিয়ুসকে দিয়েও একটি গোল করান বেলিংহাম। সব মিলিয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে তাঁর গোল হলো ৭টি, অ্যাসিস্ট ৫টি। মাঝমাঠে জাদুকরি নেতৃত্ব তো আছেই, প্রয়োজনের সময় গোল বের করতেও সিদ্ধহস্ত বেলিংহাম।
এমন খেলোয়াড়কে কী বলা হয়, তা বুঝিয়ে দিয়েছেন রিয়ালের সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড হোর্হে ভালদানো, ‘বেলিংহাম এখন দারুণ এক ছন্দে; ইউরোপে সম্ভবত এই মানের আর কোনো মিডফিল্ডার নেই।’