রোনালদোর উল্টো প্রশ্ন— কীসের অভাব

কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদোরয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগালের সামনে এখন ঝুলছে অনেক প্রশ্নবোধক চিহ্ন। কেন ডিআর কঙ্গোকে হারাতে পারেনি পর্তুগাল? কেন রোনালদো নিজেকে খুঁজে পেতে ব্যর্থ হলেন? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি রোনালদো। তবে স্টেডিয়ামের বাইরে স্পোর্ট টিভিকে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এই ড্রতে দমে না গিয়ে বলছেন, তাঁর বা পর্তুগালের কোনো কিছুর খামতি ছিল না।

কঙ্গোর বিপক্ষে প্রথম ৬০ মিনিটে প্রায় খুঁজেই পাওয়া যায়নি রোনালদোকে। এরপর ফ্রান্সিসকো কনসেইসাও তাঁকে দুটি সুযোগ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু রোনালদো কাজে লাগাতে পারেননি। সুযোগগুলো যে খুব সহজ ছিল তা নয়, কিন্তু সেরা ফর্মের রোনালদো অন্তত পোস্টে শট রাখতেন। কিন্তু রোনালদো কাল সেটিও পারেননি।

ম্যাচ শেষে তাই তাঁর দিকে প্রশ্ন উঠেছিল, পর্তুগাল দলে কীসের অভাব ছিল? রোনালদোর মেজাজও এমন একটা ম্যাচের পর ভালো থাকার কথা নয়। তাঁর উত্তরটাও সে রকম চাঁছাছোলা, ‘আমাদের কি কিছুর অভাব ছিল? না, কোনো কিছুর খামতি ছিল না আমাদের। এটাই ফুটবল। পর্তুগাল জিততেও পারত, হারতেও পারত। ম্যাচটা যেকোনো দিকেই যেতে পারত।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও রোনালদো পোস্ট করেছেন। সেটি অবশ্য কিছুটা ‘আনুষ্ঠানিক’, ‘এই শুরুটা আমরা চাইনি, কিন্তু এখনো কিছুই শেষ হয়ে যায়নি। মাথা উঁচু কর এবং পরের ম্যাচের দিকে মনযোগ দাও।’

রোনালদো পরের ম্যাচে মনোযোগ দেবেন, কিন্তু তিনি কেন পারলেন না সেই প্রশ্ন বারবারই উঠছে। তাহলে কি ডিআর কঙ্গোর রোনালদোকে নিয়ে কোনো আলাদা পরিকল্পনা ছিল? কঙ্গোর ডিফেন্ডার এনগালায়েল মুকাউ ম্যাচ শেষে যা বলেছেন, সেটা শুনলে রোনালদোর মন আরও খারাপ হওয়ার কথা, ‘রোনালদোকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা? সত্যি বলতে তেমন কিছু ছিল না আমাদের। আমরা জানি রোনালদো সেই আগের রোনালদো নেই। বয়সও হয়ে গেছে তাঁর। তবে তিনি সর্বকালের সেরাদের একজন। আমরা তাঁকে সম্মান করি।’

আরও পড়ুন