রোনালদিনিওকে নাটমেগ করলেন টিকটক তারকা
রোনালদিনিওর জাদুতে লম্বা একটা সময় আচ্ছন্ন হয়ে ছিল ফুটবল–বিশ্ব। ড্রিবলিংয়ের জাদুতে এই ব্রাজিলিয়ান তারকা শাসন করেছিলেন ফুটবলকে। তাঁর পায়ে বল মানেই অসামান্য কোনো মুহূর্তের জন্ম। নিজের খেলোয়াড়ি জীবনে অসংখ্য ফুটবলারকে নাটমেগ (দুই পায়ের মাঝ দিয়ে বল বের করে দেওয়া) করেছেন।
তবে সেই রোনালদিনিও নিজেই এবার নাটমেগের শিকার হলেন! তা–ও আবার কোনো নামীদামি ফুটবলারের কাছে নয়, দুই টিকটকারের কাছে। একটি ঘটনায় অবশ্য বেশ ক্ষিপ্ত হতেও দেখা গেছে তাঁকে।
২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলেছেন রোনালদিনিও। বিদায় বললেও কমেনি ব্যস্ততা। ফুটবলের দূত হিসেবে সারা বিশ্ব চষে বেড়ান এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। এসব ভ্রমণে দাতব্য ম্যাচও খেলে বেড়ান তিনি।
এই ভ্রমণগুলো যদিও সব সময় আনন্দময় হয় না, কখনো কখনো পড়তে হয় বিড়ম্বনাতেও। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সেসব ঘটনা ছড়িয়ে পড়তেও সময় লাগে না।
সম্প্রতি রোনালদিনিওর নাটমেগ করার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। ভিডিও দুটিতে দেখা যায় নাটমেগের শিকার হচ্ছেন সাবেক এই বার্সেলোনা তারকা। যদিও একটি ঘটনায় নাটমেগ হওয়ার ঘটনাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। ভিডিওটিতে ক্ষিপ্ত হতেও দেখা যায় তাঁকে।
ব্রাজিলে নাটমেগকে ফুটবলারদের জন্য চূড়ান্ত অপমান বলেই বিবেচনা করা হয়। একটি ভিডিওতে রোনালদিনিওর নিজের অংশগ্রহণ থাকলেও, অন্যটিতে অজান্তেই নাটমেগের বিড়ম্বনায় পড়েছেন ব্রাজিলের সাবেক প্লেমেকার।
অবশ্য এই দুটি ভিডিওর সঙ্গে অতীতের একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, রোনালদিনিও নিজেই নাটমেগ করছেন সাবেক বার্সেলোনা সতীর্থ কার্লোস পুয়োলকে। তা–ও স্পেন কিংবদন্তির অজান্তেই। পুয়োল নিজেও অবশ্য এই ঘটনা স্বাভাবিকভাবে নিতে পারেননি। বিরক্তি দেখিয়েছেন পুয়োলও। যদিও এই ভিডিওটি ২০১৮ সালের।
রোনালদিনিওকে নাটমেগের মুখে পড়তে হয়েছে ইকুয়েডরের মানতা ভ্রমণে গিয়ে। এই শহরে তিনি গিয়েছিলেন দাতব্য কাজ এবং স্থানীয় বয়সভিত্তিক ফুটবল দলকে সমর্থন করতে। মানতায় প্রথমে রোনালদিনিওকে নাটমেগ করেন টিকটক তারকা মার্টিন ডেবাউট।
এই ভিডিওতে অবশ্য রোনালদিনিওর সম্মতি ছিল। তিনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন, নিজেই পা ছড়িয়ে দেন। বল চলে যায় তাঁর দুই পায়ের মাঝ দিয়ে। নাটমেগের পর ডেবাউট দৌড়ে গিয়ে রোনালদিনিওকে জড়িয়ে ধরেন। এ সময় বিস্ময়ে মুখ ঢাকতেও দেখা যায় ডেবাউটকে।
অন্য একটি টিকটক ভিডিওতে দেখা যায়, ফেরজানি সাফি নামের এক টিকটকার অন্যমনস্ক রোনালদিনিও বেরিয়ে আসার সময় তাঁর পায়ের মাঝ দিয়ে বল গলিয়ে দেন। সাফির এক সঙ্গীই সেই বলটি রিসিভ করেন।
যদিও এই ঘটনা পছন্দ করেননি রোনালদিনিও। ক্ষিপ্ত হয়ে লাথি মেরে বল সরিয়ে দিতেও দেখা যায় তাঁকে। পরে সাফি নিজেই নাটমেগের এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেন, ‘আমি রোনালদিনিওকে নাটমেগ করেছি।’