সেনেগাল দলে ঝামেলা: কোচের ওপর রাগ করে অবসর নিলেন পাপে গেয়ে
তাহলে ড্রেসিংরুমে আগে থেকেই একটা ঝামেলা চলছিল? নইলে ম্যাচ হারের পরপরই এমন ঘোষণা কেন দেবেন পাপে গেয়ে।
শেষ ৩২-এ গতকাল বেলজিয়ামের কাছে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সেনেগাল। এই চরম হতাশার মধ্যেই সেনেগালের ড্রেসিংরুমে দ্বন্দ্বের আভাসটা পাওয়া গেল। দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেন সেনেগালের মিডফিল্ডার পাপে গেয়ে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো ক্লান্তি বা বয়স নয়, বরং সরাসরি দায়ী করেছেন বর্তমান কোচিং স্টাফকে। সাফ জানিয়ে দিলেন, এই কোচিং স্টাফ দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে তাঁকে আর দেখা যাবে না।
গতকাল সেই হারের পর ২৭ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের কিছু কথা বলতে আমি আবারও ফিরে আসব...তবে আজ আমি ঘোষণা করছি যে বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’
ম্যাচের গল্পটা অবশ্য হতে পারত অন্য রকম। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেনেগালের হাতেই। মনে হচ্ছিল, অনায়াসেই পরের রাউন্ডে যাচ্ছে তারা। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাপে গেয়ে নিজেও টুর্নামেন্টে দুটি গোল করেছেন। ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার কিছু পরেই কোচ পাপে থিয়াও রক্ষণ সামলে লিড ধরে রাখার কৌশল নেন। তিনি পাপে গেয়েকে তুলে মাঠে নামান লামিন কামারাকে। আর এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায়।
ম্যাচের শেষ চার মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের দুটি দুর্দান্ত গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে বেলজিয়াম, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ভাগ্যদেবতা আরও একবার মুখ ফিরিয়ে নেন সেনেগালের ওপর থেকে। বক্সের ভেতর সেনেগালের বদলি খেলোয়াড় কামারার একটি ফাউল ভিএআর রিভিউতে ধরা পড়লে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স।
২-০ গোলে এগিয়ে থেকেও এমন হৃদয়বিদারক হার যেমন মেনে নিতে পারেনি সেনেগালের সমর্থকেরা, তেমনি মেনে নিতে পারেননি পাপে গেয়েও। কোচের কৌশল আর সিদ্ধান্তের ওপর এই অভিজ্ঞ মিডফিল্ডারের ক্ষোভ কতটা তীব্র, তা তাঁর আকস্মিক এই অভিমানেই স্পষ্ট। একবুক হতাশা আর কোচের ওপর একরাশ ক্ষোভ নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের সমান্তরালে জাতীয় দলকেও একরকম বিদায় বলে দিলেন পাপে গেয়ে।