প্রিমিয়ার লিগের দলবদলে আবাহনী-মোহামেডানের পর কারা

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস, দুজনই নাম লিখিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জে।শামসুল হক

বড় দুই দল আবাহনী আর মোহামেডান দল গুছিয়ে ফেলেছে প্রথম দিনই। আজ ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দ্বিতীয় দিনে আগ্রহটা তাই একটু কমই ছিল। দুপুরে সিসিডিএমে যা একটু একটু কোলাহল তৈরি হয়, সেটি লেজেন্ডস অব রূপগঞ্জের দলবদল ঘিরে। বাংলাদেশ দলে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস, দুজনই নাম লিখিয়েছেন ক্লাবটিতে।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কারণে অবশ্য প্রিমিয়ার লিগের বেশির ভাগ সময়ই খেলতে পারবেন না মিরাজ, লিটন। তবে রূপগঞ্জ যে দল গড়েছে, তা দিয়ে এ দুজনকে ছাড়াও ভালো লড়াই–ই করতে পারার কথা। বাংলাদেশ টি–টুয়েন্টি দলের নিয়মিত দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসানকেও দলে নিয়েছে তারা, আছেন পেসার শরীফুল ইসলামও। ব্যাটিংয়ে তাদের জন্য বড় ভরসা হবেন সাইফ হাসান ও মারকুটে ব্যাটসম্যান হাবিবুর রহমান।

দলবদলের আনুষ্ঠানিকতা সারছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম আলো

গতকাল প্রথম দিনে ৭৯ ক্রিকেটার দলবদল করেছেন, আজ দ্বিতীয় ও শেষ দিনে করেছেন ৫৬ জন। সব মিলিয়ে ১৩৫ ক্রিকেটারের এই দলবদলে বড় তারকাদের ভিড় জমেছে মোহামেডানে। এনামুল হক–মোহাম্মদ নাঈমের মতো ঘরোয়া ক্রিকেটের দুই পরীক্ষিত মুখ এবার তাদের ওপেনিংয়ের ভরসা হবেন। ব্যাটসম্যানদের মধ্যে আরও আছেন মুশফিকুর রহিম, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন।

ব্যাটসম্যানদের বেশির ভাগকেই প্রিমিয়ার লিগের পুরোটা সময় পাবে মোহামেডান। বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও এবাদত হোসেনকে ছাড়তে হতে পারে টেস্টের সময়। দলে আছেন পেসার তাসকিন আহমেদ, রিপন মন্ডল, স্পিনার তানভীর আহমেদ ও রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররাও।

দলবদলের আনুষ্ঠানিকতা সারছেন লিটন দাস।
প্রথম আলো

নাজমুল হোসেন–মোসাদ্দেক হোসেন–জিসান আলমদের ধরে রেখে শিরোপা লড়াইয়ে থাকার মতো দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীও। নতুন যোগ হয়েছেন সৌম্য সরকার, জাকের আলী, সাব্বির রহমানের মতো তারকারা। দলটির জন্য অবশ্য দুশ্চিন্তার জায়গাও আছে। খালেদ আহমেদ পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পেলে তরুণ তিন পেসারের ওপর ভরসা করতে হবে আবাহনীকে।

দুই ঐতিহ্যবাহী দলের সঙ্গে এবার শিরোপার লড়াইয়ে থাকতে পারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে এই দলে যোগ দিয়েছেন তানজিদ হাসান, তানজিম হাসান ও আকবর আলী। আগেরবারের শামীম হোসেনকেও ধরে রেখেছে তারা। সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলা পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, আজিজুল হাকিমও আছেন প্রাইম ব্যাংকে।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল গড়েছে কেবল নবাগত ঢাকা লেপার্ডই। বাকিরা দলবদলের পেছনে বিসিবির দেওয়া ২৫ লাখ টাকা অনুদানের চেয়ে খুব বেশি খরচ করতে চাননি। তাদের দলও হয়েছে সাদামাটা।